আমাদের হাত পাতার দিন শেষ: মতিয়া
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘ভিক্ষার দিন ফুরিয়ে আসছে। পেটে ভাত আছে, পরণে কাপড় আছে। আমাদের হাত পাতার দিন শেষ। এজন্য যত্রতত্র যা ইচ্ছা তা-ই করবেন না, বলবেন না। আমরা এগুলো মেনে নেব না। এই সময় নাই। এ কথাটা বুইঝা লইবেন।’
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক হত্যা’ দিবসের আলোচনা সভায় বাংলাদেশের রাজনীতি নিয়ে কূটনীতিকদের হস্তক্ষেপ প্রসঙ্গে মতিয়া এসব কথা বলেন।
বিশ্বের প্রভাবশালী একটি দেশের রাষ্ট্রদূত প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা কি আপনাদের নির্বাচন নিয়ে কথা বলি? আপনারা আমাদের নির্বাচন নিয়ে কেন কথা বলবেন? আমাদের ভালো-মন্দ আমরা বুঝব। মার চেয়ে মাসির দরদ বেশির দরকার নাই। হেফাজতের সঙ্গে মিটিং করেন। আর বেরিয়ে এসে বলেন, আমরা জঙ্গিবাদ চাই না। আরে জঙ্গিবাদ তো আপনারাই পয়দা করলেন। যা খুশি তা করবেন না, বলবেন না।’
কৃষিমন্ত্রী মতিয়া বলেন, ‘আলুর ফলন বাড়ছে। মাঝখানে কৃষকের ভোগান্তি হয়েছে। এটার জন্য আমরা দায়ী না। বিএনপি, জামায়াত ও হেফাজতের নৈরাজ্যের জন্য পাক্কা ৯৩ দিন ঢাকায় সবজি আসা বন্ধ ছিল। পুরান আলু মজুদ আবার নতুন আলু এসে গেছে। এ সময় পুরান আলু নিয়ে বিপাকে পড়েছে কৃষক। এজন্য সাময়িক অসুবিধা হয়েছে। আমরা অস্বীকার করি না।’ মন্ত্রী বলেন, ‘আমরা সংসদে বলেছি, একটা মাস যেতে দেন আলুর দাম উঠবে। আল্লাহর রহমতে আমরা আমাদের কথা রক্ষা করতে পেরেছি।’
১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে কৃষকদের এক মিছিলে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় ১৮ জন কৃষক নিহত হন। দিনটিকে স্মরণ রাখতে প্রতিবছর এই দিনে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে পালন করে কৃষক লীগ।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক লীগের সহসভাপতি সাংসদ ছবি বিশ্বাস, শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।