আমাদেরই বেছে নিতে হবে আমরা কোনটা চাই: মিজানুর
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের সামনে রয়েছে এগিয়ে যাওয়া বনাম পশ্চাৎপদতা, ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মব্যবসা, উদারতা বনাম সংকীর্ণতা, সংখ্যালঘুদের নির্যাতন বনাম মানবাধিকার আর মুক্তিযুদ্ধ বনাম যুদ্ধাপরাধ। আমাদেরই বেছে নিতে হবে আমরা আগামীতে কোনটা চাই।’গতকাল রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য এখনো পূরণ হয়নি। স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো জনগণের অধিকার নিশ্চিত করতে পারিনি।’আইন অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘যারা টেন্ডারবাজি করে, দলাদলি করে, ছাত্ররাজনীতির নামে একে অপরকে হত্যা করে, তারা সাহসী নয়। যে অঙ্গীকার করে আমি কখনোই কোনো নারীকে অবজ্ঞা, অশ্রদ্ধা, অসম্মান করব না, তারাই সাহসী। আমাদের সেই সব তরুণকেই দরকার।’রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ্র। এ ছাড়া বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক এম আহসান কবির, বেগম আসমা সিদ্দীকা প্রমুখ।