দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের হাতে যদি একটা করে সিসি ক্যামেরা দেওয়া হতো, তাহলে তাঁরা সেগুলো কোথায় কোথায় বসাতেন? চলুন, তারই কিছু নমুনা দেখা যাক।
কাজের বুয়া
কাজের বুয়ারা অধিকাংশ সময়ই ব্যস্ত থাকেন রান্নাঘরে। টিভির ধারেকাছে যাওয়া তাঁদের পক্ষে ভীষণ কঠিন। কিন্তু তাঁদেরও তো ইচ্ছা করে টিভির সামনে আরাম করে বসে ভারতীয় টিভি সিরিয়াল দেখে চোখের জল ফেলতে। তাই তাঁরা যদি একটা সিসি ক্যামেরা বাসার টিভির ওপর ফোকাস করে রাখতে পারেন, তাহলে রথ দেখা কলা বেচা দুটোই হবে। রান্নাঘর থেকেই তাঁরা আরামসে উপভোগ করতে পারবেন ভারতীয় টিভি সিরিয়ালের প্রতিটি পর্ব!
ছাত্রনেতা
নেতার থেকে যদি বড় কিছু থেকে থাকে তবে তা হলো ছাত্রনেতা। ক্যাম্পাসের সব দোকানের জিনিসপত্রের এরা স্বঘোষিত অধিপতি। ছাত্রনেতারা তাঁদের জন্য বরাদ্দকৃত সিসি ক্যামেরাটি অতি অবশ্যই ক্যাম্পাসের অমুক ভাইয়ের টংয়ের দোকান কিংবা তমুক মামার বিরিয়ানি হাউসে বসাতে পারেন। ফলে এসব দোকানে যখনই তাঁদের পছন্দের কোনো খাবার তৈরি হবে, তখনই তাঁরা কোনো চ্যালাকে দিয়ে বিনা পয়সায় খাবারটা গরমাগরম আনিয়ে নিতে পারবেন!
গৃহশিক্ষক
গৃহশিক্ষকদের কানে সবচেয়ে মধুর শব্দ হলো রান্নাঘরে কাপ-পিরিচ-চামচের টুংটাং শব্দ। এমনিতেই ব্যাচেলর জীবন, তার ওপর বৈকালিক চা–নাশতার খরচাপাতি নিয়ে বেশ অনিশ্চয়তার মধ্যেই থাকতে হয়। তাই তাঁদের কান সর্বদা পড়ে থাকে শিক্ষার্থীর বাসার রান্নাঘরের দিকে। তাই শুধু শব্দের ওপর নির্ভর না করে ‘কী নাশতা আসছে’ তা বুঝতে সিসি ক্যামেরাটা রান্নাঘরে স্থাপন করলেই গৃহশিক্ষকেরা নিশ্চিন্ত থাকতে পারেন। ফলে বৈকালিক নাশতা নিয়ে তাঁদের আর আশাহত হতে হবে না কখনো!
তরুণীর বড় ভাই
উচ্চাকাঙ্ক্ষা সবচেয়ে বেশি কাদের? অবশ্যই অলিগলির রোমিওদের। কারণ, এরা দিনের বেশির ভাগ সময়, বিশেষ করে বিকেলে পাড়ার উঁচু সব বাসার বারান্দা আর ছাদের দিকে তাকিয়েই কাটিয়ে দেয়। ফলে এদের জ্বালায় বারান্দায় বা ছাদে এসে দাঁড়াতে পারেন না তরুণীরা। তরুণীদের বড় ভাইয়েরাও এ নিয়ে থাকেন ভীষণ দুশ্চিন্তায়। কতক্ষণ আর পাহারা দিয়ে রাখা যায়। তাই বারান্দায় বা ছাদে একটা সিসি ক্যামেরা
বসিয়ে দিলেই ঘরে বসে
পাহারা ব্যবস্থা নিশ্চিত।