আমান দম্পতিকে খালাসের রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও তাঁর স্ত্রী সাবেরা আমানকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আমান দম্পতির করা আপিলের ওপর পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল করার অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী সূত্র জানায়, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাঁদের খালাস দেন।