আমান, নাজিমসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দ্রুত বিচার আইনে করা দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক এ আদেশ দেন।
এ দুই মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন গতকাল আমানউল্লাহ, কফিলউদ্দিনসহ ১৯ জনের পক্ষে সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন। এই ১৯ জনের মধ্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিনও রয়েছেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার সাভার থানার আমিনবাজারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার থানার পুলিশ দ্রুত বিচার আইনে একটি মামলা করে। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৫ ডিসেম্বর আমানউল্লাহসহ ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
২০১২ সালের ৯ ডিসেম্বর আমিনবাজারের তেঁতুলঝরা কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আবদুল জলিল নামের এক ব্যক্তি সাভার থানায় দ্রুত বিচার আইনে অপর মামলাটি করেন। সাভার থানার পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৩ ডিসেম্বর আমানউল্লাহ ও দেওয়ান সালাউদ্দিনসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলা দুটিতে গত বছরের ১৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।