আমান মওদুদের জানাজা আজ, দাফন ফরিদপুরে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদের মরদেহ গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, আমান মওদুদের মরদেহ রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট মুজিব কলেজ মাঠে প্রথম জানাজা হবে। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর ঢাকায় হাইকোর্ট মাজার মসজিদ প্রাঙ্গণে। এরপর মরদেহ ফরিদপুর শহরে নেওয়া হবে। সেখানে নানা পল্লিকবি জসীম উদ্দীনের কবরের পাশে আমান মওদুদের মরদেহ দাফন করা হবে।
গতকাল রাতে আমান মওদুদের মরদেহ বিমানবন্দর থেকে প্রথমে গুলশানের বাসায় আনা হয়। খবর পেয়ে রাতেই মওদুদ আহমদের গুলশানের বাসায় যান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, প্রবীণ আইনজীবী রফিক-উল হক, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, বিএনপি নেতা সেলিমা রহমান, শামা ওবায়েদ প্রমুখ। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আমান মওদুদ (৩৮) অসুস্থ হলে গত শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার পথে মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।