আমান হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার পরে জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সাড়ে তিন ঘণ্টা পর আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় শহরের বাঁকাল এলাকা থেকে সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরার ডিবি পুলিশের পরিদর্শক মোশারফ হোসেন বলেন, আমান হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে নেওয়া হয়।
পুলিশের আদালত পরিদর্শক রতন শেখ জানান, আবদুস সাত্তারের পক্ষে জামিনের আবেদন করা হলে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম বেলা দেড়টায় তাঁর জামিন মঞ্জুর করেন।
গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় আমানউল্লাহ খুন হন। রাতেই নিহত ব্যক্তির মা ফতেমা বেগম একটি হত্যা মামলা করেন।