আমান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমানউল্লাহ আমান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতাল চলাকালে সকাল আটটার দিকে শহরের নিউমার্কেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আমান হত্যা বিচার বাস্তবায়ন কমিটি ও বিএনপির অঙ্গসংগঠন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে বিচার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির সাতক্ষীরা শহর শাখার সভাপতি হাবিবুর রহমান, জাসাসের জেলা শাখার আহ্বায়ক এখলেছার আলী, বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সালাউদ্দীন আহমেদ প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে সাতক্ষীরায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের অধিকাংশ দোকানপাট খোলেনি। ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোনো ট্রাক বন্দর এলাকা ছেড়ে যায়নি। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।