আমানউল্লাহর জামিন, মুক্তিতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক পাঁচটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহর ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে বিএনপির এই নেতার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আমানের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ এ আদেশ দেন।
পাঁচ মামলায় জামিন হওয়ায় এই বিএনপির নেতার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সগীর হোসেন।
আদালত সূত্র জানায়, আমানের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর সাভারে একটি এবং ২৮ নভেম্বর কেরানীগঞ্জে চারটি মামলা হয়। বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে ১৬ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এসব মামলায় আগাম জামিন চেয়ে গত মঙ্গলবার হাইকোর্টে আবেদন করেন আমান। শুনানি শেষে পৃথক পাঁচটি মামলায় আমানের ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন আদালত।
আদালতে আমানের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।