আমানত নিয়ে কর্মকর্তা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে রূপসী বাংলা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক গ্রাহকদের আমানতের কয়েক লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।
এলাকার অনেকে জানান, হবিগঞ্জের আনোয়ারপুর এলাকায় প্রায় দুই মাস আগে ওই সংস্থাটি একটি অফিস খোলে। এ সংস্থা সাধারণ মানুষের মধ্যে প্রচার করে তারা ক্ষুদ্র ও ব্যবসায়িক ঋণ দেয়। তারা প্রথমেই কয়েকজন নারী মাঠকর্মী নিয়োগ দেয়। এসব কর্মী গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করেন। পরে এ সদস্যদের নিয়ে সংস্থার কার্যালয়ে আনা হয়।
কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক হোছাইন আক্তার গ্রাহকদের বোঝান, পাঁচ হাজার টাকা জামানত হিসেবে তাঁদের প্রতিষ্ঠানে জমা রাখলে তাঁরা ওই ব্যক্তিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) অথবা ৫০ হাজার টাকা মূল্যের গাভি ঋণ দেবেন। কেউ ২০ হাজার টাকা জমা রাখলে এক লাখ টাকার ঋণ পাবেন। পরে অনেকে এ প্রতিষ্ঠানের সদস্য হন।
সদর উপজেলার রিচি, উমেদনগর, নাতিরপুর ও শহরতলির আনোয়ারপুরসহ ১০টি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ এ প্রতিষ্ঠানের সদস্য হন। তাঁদের কাছ থেকে জামানত হিসেবে পাঁচ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়। জামানতকারীদের বলা হয় (কাল) ঋণ বিতরণ করা হবে। কিন্তু গতকাল প্রতিষ্ঠানের কয়েকজন সদস্য কার্যালয়ে এসে দেখতে পান সেখানে তালা ঝুলছে। হোছাইন আক্তারকে খোঁজে না পেয়ে তাঁর মুঠোফোনে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।
আনোয়ারপুরের রজব আলী জানান, সচেতনতার অভাবে তাঁর এলাকার প্রায় ৫০০ লোক প্রতারণার শিকার হয়েছেন। ওই প্রতিষ্ঠান কয়েক লাখ টাকা নিয়ে চলে গেছে।
সদর থানার ওসি মোজামঞ্চল হক জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
একই প্রতিষ্ঠান প্রায় তিন মাস আগে সদর উপজেলার শায়েস্তাগঞ্জের পূর্ব বাগুনীপাড়ায় কার্যালয় খুলে সাড়ে তিন শ গ্রাহকের কাছ থেকে ওই পরিমাণ টাকা নেয়। এসব গ্রাহককেও গতকাল ঋণ দেওয়ার কথা ছিল। তাঁরাও কার্যালয়ে এসে তালা দেখতে পান।
মুঠোফোনে হোছাইন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, প্রতারণার বিষয়টি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।