বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের কথিত বেসরকারি সংস্থা আপ্রকাশি থেকে আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছে আপ্রকাশি আমানতকারী নারী ঐক্য পরিষদ। সান্তাহার শহরের স্টেশন রোডে রেস্তোরাঁ স্টারের সামনে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে আমানতকারী নারীরা ওই সংস্থার সহযোগী প্রতিষ্ঠান শহরের স্টেশন রোডে অবস্থিত জনপ্রিয় খাবার রেস্তোরাঁ হোটেল স্টারের দখল নেন। তাঁরা সাত দিন ধরে পালাক্রমে ওই রেস্তোরাঁয় দিন-রাত অবস্থান করে আসছেন।
আমানতকারী নারী ঐক্য পরিষদের আহ্বায়ক রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন শাহিনুর আক্তার, বৃষ্টি আক্তার, লিলি বেগম প্রমুখ। তাঁরা বলেন, আপ্রকাশির মালিক জুয়েল কয়েক কোটি টাকা নিয়েছেন। কিন্তু প্রায় এক বছর ধরে মুনাফা ও মূল টাকা ফেরত না দিয়ে তিনি আত্মগোপনে থেকে বিলাসী জীবন যাপন করছেন। আর আমানতকারীরা খেয়ে না-খেয়ে মানবেতর জীবন যাপন করছেন।