আমানত ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় আমানত ও সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার দাবিতে বেসরকারি সংস্থা (এনজিও) সিঁড়ির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আটকে রেখে দুদিন ধরে বিক্ষোভ করছেন সদস্যরা। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই সংস্থার কার্যালয়ে তালা দিয়ে সংস্থার সহস্রাধিক সদস্য ওই বিক্ষোভ শুরু করেন। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
পৌরসভার সিও সড়কের বনিতা রায় ও ফেসকিপাড়া গ্রামের মাসুদ রানা বলেন, আট-নয় বছর আগে উপজেলার বালুয়াভাটা গ্রামের একটি ভাড়া বাসায় ওই এনজিও সিঁড়ি কার্যালয় খুলে ২০ টাকার বিনিময়ে সদস্য নিয়ে সাপ্তাহিক সঞ্চয় ও মাসিক আমানত সংগ্রহ শুরু করে। পরে পৌর শহরের ডাঙ্গাপাড়ায় এর কার্যালয় স্থানান্তর করা হয়। একপর্যায়ে সংস্থাটি জমা করা সঞ্চয়ের বিপরীতে সদস্যদের ঋণে ইলেকট্রনিকস সামগ্রী ও আসবাব দেওয়া শুরু করে। কিন্তু অনেক সদস্যের আমানতের মেয়াদ পূর্ণ হলেও দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিয়ে গত মঙ্গলবার দুপুরে কার্যালয় গুটিয়ে সংস্থার কর্মীরা পালানোর চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে সংস্থার সদস্যরা এসে এমডি আবদুল কাদের মজুমদারকে একটি কক্ষে তালা মেরে আটকে রাখেন। পরে তাঁরা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় অবস্থা বেগতিক দেখে সংস্থার অন্য কর্মীরা পালিয়ে যান।
মুন্সিপাড়া গ্রামের রুবিনা বেগম অভিযোগ করে বলেন, ওই সংস্থার কর্মীদের দেওয়া প্রলোভনে পড়ে ২০০ টাকা করে মাসিক আমানত রাখেন তিনি। পাঁচ বছরে জমা হওয়া ওই আমানতের টাকা দ্বিগুণ দেওয়ার কথা ছিল। কিন্তু পাঁচ মাস আগে মেয়াদ পূর্ণ হলেও তাঁরা টাকা ফেরত দিচ্ছেন না। একই অভিযোগ করেন মুন্সিপাড়ার শুভ শেখ, নুসরাত জাহান, সাহাপুরের শামসুন্নাহার বেগম, বালুয়াভাটা গ্রামের খালেদা বেগমসহ অনেকে।
গতকাল বুধবার সন্ধ্যার আগে ওই সংস্থার কার্যালয়ে গিয়ে দেখা যায়, সহস্রাধিক নারী-পুরুষ কার্যালয়টি ঘিরে রেখে আমানত ও সঞ্চয় ফেরতের দাবিতে বিক্ষোভ করছেন। অনেক বোঝানোর পর এক সদস্য তালা খুলে দিলে কথা হয় এমডি কাদের মজুমদারের সঙ্গে। এ সময় তিনি বলেন, ‘সিঁড়ি একটি বেসরকারি সংস্থা। ২০০৬ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধন নিয়ে আমরা বদরগঞ্জে সদস্যদের কাছ থেকে আমানত ও সঞ্চয় সংগ্রহ করছি। এখানে ৮০০ সদস্যের কাছ থেকে ইতিমধ্যে আমানত ও সঞ্চয় মিলে নয় লাখ টাকা নেওয়া হয়েছে। মাঠে সংস্থার ঋণ পড়ে রয়েছে ১৭ লাখ টাকা। সংস্থার একজন কর্মী উসকানি দেওয়ায় সদস্যরা না বুঝে আমাকে আটকে রেখে টাকা ফেরত চাচ্ছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদস্যদের টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। তবে এ সময় তিনি সংস্থাটির নিবন্ধনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
স্থানীয় পৌর কাউন্সিলর খোকন কুমার দাস বলেন, সংস্থার অধীনে দেড় হাজার সদস্য রয়েছে। তাঁদের কাছ থেকে সঞ্চয় ও আমানত মিলে অন্তত ২০ লাখ টাকা তুলে গত মঙ্গলবার দুপুরে কার্যালয় গুটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সংস্থার লোকজন।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, কেউ কোনো লিখিত অভিযোগ না দেওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ওই এনজিওর কোনো কাগজপত্র আমার অফিসে দেওয়া হয়নি। তাই বলতে পারছি না নিবন্ধন সঠিক নাকি ভুয়া। বিক্ষুব্ধ লোকজনকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’