আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যাংকের গড়িমসি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বদরগঞ্জ শাখা কর্তৃপক্ষের বিরুদ্ধে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানার অভিযোগ পাওয়া গেছে। আমানতকারী ব্যক্তিরা ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও করেছেন।ব্যাংক সূত্রে জানা গেছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য মাসিক কিস্তিতে সঞ্চয়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা ও কল্যাণের লক্ষ্যে রাকাব পেনশন স্কিম বা আরপিএস প্রকল্প চালু করে। উপজেলার আমানতকারী অনেক ব্যক্তি ২০০০ সালে ব্যাংকের বদরগঞ্জ শাখায় ১০ বছর মেয়াদি আরপিএসের হিসাব খোলেন। তাঁদের হিসাবের মেয়াদ পূর্ণ হয় গত জানুয়ারিতে।আমানতকারী অশোক কুমার কুণ্ডু বলেন, ‘আমরা খেয়ে না খেয়ে আরপিএসে টাকা জমিয়েছি। আশায় ছিলাম, টাকাটা তুলে ব্যবসায় লাগাব। গত ১০ জানুয়ারি মেয়াদ পূর্ণ হলেও ম্যানেজার টাকা দিচ্ছেন না। টাকা চাইতে গেলে তিনি খারাপ আচরণ করেন।’ মঞ্জুশ্রী কুণ্ডু (২৬) বলেন, ‘আমি ৫০০ টাকা মাসিক কিস্তিতে ব্যাংকের ওই শাখায় একটি আরপিএস হিসাব খুলেছিলাম। জানুয়ারিতে মেয়াদ পূর্ণ হয়। স্বামীর বাড়ি অনেক দূর। সেখান থেকে কয়েকবার টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলাম। ম্যানেজার বারবার বলেছেন, ব্যাংক তহবিলে টাকা নেই। এখন দিতে পারব না। তিনি ভালো আচরণও করেন না।’ মঞ্জুশ্রী কুণ্ডুর প্রশ্ন, কষ্ট করে টাকা জমিয়েছেন। সেই টাকা দিতে ম্যানেজার এত হয়রানি করছেন কেন?এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, ‘মেয়াদ পূর্ণ হওয়ায় একসঙ্গে সবাই টাকা তুলতে আসছেন। আমার তো টাকশাল নেই যে একসঙ্গে সবার টাকা ফেরত দেব।’ মুঠোফোনে রাকাবের চেয়ারম্যান শাহ নেওয়াজ আলী জানান, টাকা ফেরত না দেওয়ার কথা নয়। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।