আমানতকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের হেল্পলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আমানতকারী ও মাঠকর্মীরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন।ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহনাজ আক্তারসহ ব্যবস্থাপনা কমিটির সব সদস্য কার্যালয়ে তালা ঝুলিয়ে গ্রাহকদের আমানতের প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল সকালে প্রতিষ্ঠানটির ক্ষুব্ধ আমানতকারী ও মাঠকর্মীরা কদমতলী কাঁচা বাজার এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা ফিরে যান। আসমা আক্তার (৪০) নামে প্রতিষ্ঠানটির এক আমানতকারী বলেন, ‘মেয়ের বিয়ের খরচের টাকা ওই প্রতিষ্ঠানে জমা রেখেছিলাম। স্বামী জানতেন দেড় লাখ টাকা ব্যাংকে জমা রেখেছি। এদিকে আগামী মাসে মেয়ের বিয়ে।’ তিনি বলেন, টাকার জন্য তাঁর স্বামী তাঁকে ঘর থেকে বের করে দিয়েছেন।এ ঘটনার পর প্রতিষ্ঠানটির মাঠকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। রিনা আক্তার (৩৭) নামের এক মাঠকর্মী বলেন, ‘আমার মাধ্যমে কয়েকজন আমানতকারী এখানে প্রায় সাড়ে সাত লাখ টাকা জমা রেখেছেন। এখন টাকার জন্য আমানতকারীরা আমাকে খুঁজছেন। এই পরিস্থিতিতে বাড়িঘর ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন বলেন, ‘আমানতকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন করেছি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা পালিয়ে গেছেন। তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’