আমানতকারীদের হামলা নারী, শিশুসহ আহত ৬
গ্রাহকদের শতকোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া বাদল সরকারের শহরের দেওভোগের ভাড়াবাড়িসহ পাশের আরেকটি বাড়িতে হামলা করেছেন আমানত হারানো লোকজন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই হামলায় নারী-শিশু ও পুলিশের একজন কনস্টেবলসহ কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। আমানতকারীরা হামলা চালিয়ে পাঁচটি ঘরে থাকা আসবাব ভাঙচুর করেন। বাদল ও তাঁর ছোট ভাই বিদ্যুৎ সরকারকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ এনে বাড়িওয়ালা সুভাষ সাহা এবং পাশের গোবিন্দ ঘোষের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ লোকজন। হামলার সময় ব্যাপক লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি ফাঁস হয়ে গেলে গত বৃহস্পতিবার থেকেই বাদল ও বিদ্যুতের দেওভোগের বাড়িতে আমানতকারীরা ভিড় করেন। পরে শুক্রবার সকালে ওই বাড়ি থেকে তাঁদের তিন আত্মীয়কে গ্রেপ্তার করে পুলিশ। হামলার আশঙ্কায় বৃহস্পতিবার থেকেই ওই বাড়ির সামনে পুলিশি পাহারা ছিল। শনিবার রাতে নরসিংদী থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। হামলায় গোবিন্দ ঘোষের বোন, পুত্রবধূ, ভাতিজার স্ত্রী ও তাঁর দুই বছরের শিশুকন্যা আহত হয়। হামলাকারীরা শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। ওই সময় হামলা ঠেকাতে গিয়ে ফতুল্লা থানার কনস্টেবল আলমগীর আহত হন। খবর পেয়ে ওসি আবদুল মতিনসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। গোবিন্দর পরিবারের সদস্যরা জানান, তাঁরা ওই এলাকায় একই গোষ্ঠীর সাতটি পরিবার। তাঁরাও ৪০ লাখ টাকা জমা রেখেছিলেন। সে অর্থ ফেরত পাননি। অথচ তাঁদের ওপরই অভিযোগ এনে হামলা করা হয়েছে। হামলাকারীরা প্রথমে ঘরে ঢুকে বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেন। এরপর শুরু করেন ভাঙচুর ও লুটপাট। শহরের দেওভোগ আখড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাদল রায়, তাঁর ভাই বিদ্যুৎ রায়সহ কয়েকজন মিলে নামহীন একটি সমবায় সমিতি করেন। এর মাধ্যমে প্রতি লাখ টাকায় মাসে আড়াই হাজার টাকা সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেন তাঁরা। এরপর তাঁরা ওই অর্থ নিয়ে গা ঢাকা দেন।