আমানতের টাকা ফেরতের দাবি গ্রাহকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমানতের টাকা আদায়ের দাবিতে খুলনায় এহসান সোসাইটি ও এহসান রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিডেট নামের দুটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
‘এহসান সোসাইটি ও রিয়েল এস্টেটের ক্ষতিগ্রস্ত কর্মী ও সদস্যদের অর্থ আদায় সংগ্রাম কমিটির’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্যসচিব আবদুল মতিন। এ সময় কমিটির সভাপতি মো. আবুজারসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অর্থ আদায়ের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ১৮ নভেম্বর নগরের ডালমিল মোড়ে অবস্থান কর্মসূচি, ২৭ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ ও ২৮ নভেম্বর নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৪ সাল থেকে এহসান সোসাইটি খুলনা এলাকায় গোলাম রহমানের পরিচালনায় কার্যক্রম শুরু করে। জেলা সমন্বয়কারী ছিলেন রশিদ আহমাদ, ব্যবস্থাপক ছিলেন গোলাম রহমানের ভাগনে রবিউল ইসলাম। তাঁরা খুলনার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের সুদমুক্ত প্রতিষ্ঠানে কাজ করতে উৎসাহ দেন।
দুই শতাধিক মাঠকর্মীর মাধ্যমে ২০১৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির মাসিক সঞ্চয় বাবদ খুলনা ও সোনাডাঙ্গা থেকে ৩ কোটি টাকা, খালিশপুর থেকে ১ কোটি ৫০ লাখ টাকা ও দিঘলিয়া উপজেলা থেকে ৪০ লাখ টাকা আমানত সংগ্রহ করে। এ ছাড়া ২০০৭ সালে গোলাম রহমান রিয়েল এস্টেট ব্যবসায় মাসিক মুনাফার কথা বলে এসব এলাকার গ্রাহকদের কাছ থেকে আরও প্রায় ছয় কোটি টাকা নেওয়া হয়। কিন্তু পরে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া হয়নি। এ কারণে মাঠকর্মীরা গ্রাহকদের হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন। এ ছাড়া অনেকে চাকরি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
মুঠোফোনে জানতে চাইলে এ প্রতিষ্ঠানের জেলা সমন্বয়কারী রশিদ আহমাদ প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে তিনি খুলনার
সমন্বয়কারীর দায়িত্ব নেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ২০১৪ সালের ওই দায়িত্ব ছেড়ে দেন। তিনি যখন দায়িত্ব পালন করেছিলেন, তখন
কোনো সমস্যা হয়নি। আর রিয়েল এস্টেটের ব্যাপারটি দেখতেন গোলাম রহমান।
এ ব্যাপারে গোলাম রহমান বলেন, ‘আমি প্রতিষ্ঠানটির শরিয়া কাউন্সিলের সদস্য। আমি কারও কাছ থেকে টাকা নিয়েছি, এটা কেউ প্রমাণ করতে পারবেন না। গ্রাহকেরা খুলনা কার্যালয়ে টাকা জমা দিয়েছেন। আর সেই টাকা নিয়ে যাওয়া হয়েছে ঢাকায়।’ তিনি
আরও বলেন, গ্রাহকদের রিয়েল এস্টেটের টাকায় ঢাকায় একটি ফ্ল্যাট কেনা হয়েছে। ফ্ল্যাটটি বিক্রি করে খুলনার মানুষের টাকা ফেরত দেওয়া হবে।