আমানতের ১২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জয়েন্ট ইসলামী ফাইন্যান্স অ্যান্ড কমার্স (এমসিএস) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রায় পাঁচ হাজার গ্রাহকের কাছ থেকে আমানত নিয়ে ১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।গ্রাহকেরা আমানতের টাকা ও লভ্যাংশ ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন। প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুস সালাম হামলার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন, সাতক্ষীরা শাখায় পাঁচ হাজার গ্রাহক টাকা বিনিয়োগ করেছেন। বিনিয়োগ করা টাকার পরিমাণ প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা। হঠাৎ ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত গ্রাহকের বিনিয়োগের বিপরীতে মুনাফার টাকা প্রধান কার্যালয় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ ছাড়া বিনিয়োগকারীরা টাকা ফেরত চাচ্ছেন। তবে ঢাকার প্রধান কার্যালয়ের কর্মকর্তারা কোনো যোগাযোগ রাখছেন না। তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের নভেম্বরে সাতক্ষীরা শহরের জজকোর্টের সামনে এমসিএস লিমিটেডের জেলা কার্যালয় চালু করা হয়। এ ছাড়া জেলায় আরও তিনটি কার্যালয় রয়েছে। জেলা কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পান আবদুস ছালাম। এ ছাড়া সাতজন কর্মকর্তা ও কর্মচারী এবং মাঠপর্যায়ে শতাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। সাতক্ষীরা শাখায় এ পর্যন্ত পাঁচ হাজার গ্রাহকের কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রায় ১২ কোটি টাকা আমানত গ্রহণ করেছে।আমানত সংগ্রহসহ ব্যাংকের মতো কার্যক্রম চালানোর অনুমোদন এ সংস্থার আছে কি না—জানতে চাইলে আবদুস সালাম বলেন, ‘আমরা ব্যাংকের মতো কাজ করি না। আমরা শুধু গ্রাহকদের আমানত সংগ্রহ করি ও মুনাফা দিই।’ এই আমানত সংগ্রহের বৈধতা আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা এ ধরনের একটা অনুমোদন নিয়েছি। তার আলোকেই কাজ চালানো হয়েছে।’সদর উপজেলার পরানদাহ গ্রামের শ্রমিক রাফিজা খাতুন জানান, ইসলামী শরিয়াহ মোতাবেক জমা টাকা বিনিয়োগ করা হবে ও পাঁচ বছরে দ্বিগুণ হবে। এ ছাড়া বিনিয়োগ করা টাকা যেকোনো সময় ফেরত পাওয়া যাবে—এই শর্তে তিনি সারা জীবনের সঞ্চয় ২০ হাজার টাকা বিনিয়োগ করেন। কয়েক দিন ধরে তিনি টাকা ফেরত নিতে সাতক্ষীরা অফিসে গিয়ে কাউকে পাচ্ছেন না। বলা হচ্ছে ডিসেম্বর মাসের আগে ঢাকা পাওয়া যাবে না। প্রায় একই ধরনের কথা বলেন, একই উপজেলার ঘোন গ্রামের সুফিয়া খাতুন। তিনি জমি বিক্রি করে তিন লাখ টাকা জমা দিয়েছেন। মাগুরা গ্রামের বিধান চন্দ্র দাশ বিনিয়োগ করেছেন ৪০ হাজার টাকা। এভাবে ১০ হাজার থেকে ২০ লাখ টাকা পর্যন্ত একজন গ্রাহক জমা দিয়েছেন। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের আবদুস ছালাম হামলার আশঙ্কায় জিডি করার জন্য একটি আবেদন করেছেন। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মিথ্যা আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমানতকারীদের হামলার হাত থেকে রক্ষা পেতে কৌশল হিসেবে থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।প্রতিষ্ঠানটির সাতক্ষীরা কার্যালয় প্রধান (ইডি) আবদুল মান্নান জানান, ঢাকা কার্যালয় কয়েক মাস ধরে মুনাফা বন্ধ করে দিয়েছে। এমনকি দুটি চেকে ঢাকা কার্যালয় তাদের ইসলামী ব্যাংকের পল্টন শাখায় গত ২৬ আগস্ট প্রায় আট লাখ টাকা ও ২ সেপ্টেম্বর আট লাখ টাকা দেয়। কিন্তু ওই টাকা তুলতে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট হিসাব নম্বরে কোনো টাকা নেই। এ অবস্থায় গ্রাহকদের চাপে অফিসে বসতে পারছেন না। তবে ঢাকা কার্যালয় থেকে বলা হচ্ছে ডিসেম্বর থেকে আবার যথারীতি মুনাফা দেওয়া হবে। হামলার আশঙ্কায় সাতক্ষীরা থানায় একটি আবেদন করা হয়েছে।