আমানসহ বিএনপির ৩ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

মারধর, ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধাসংক্রান্ত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, ঢাকা মহানগরের সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এই তিনজনের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। আগামী ১১ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু হলো। আদালতে আমান উল্লাহসহ তিনজন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তিরা। এ সময় পুলিশ বাধা দিলে আসামিরা পুলিশের ওপর হামলা করেন। এই ঘটনায় বিমানবন্দর থানার পুলিশ বাদী হয়ে এই মামলা করে।