টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় দলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাইদের গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবিতে গতকাল বুধবার টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা খান পরিবারকে খুনি ও সন্ত্রাসী পরিবার এবং আওয়ামী লীগের জন্য কলঙ্ক উল্লেখ করে তাঁদের দল থেকে বহিষ্কারের দাবি জানান।
ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদের নেতৃত্বে ‘নির্যাতিত আওয়ামী পরিবার’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে টাঙ্গাইলের সাংসদ আমানুরদের ‘খান পরিবার’ দ্বারা নির্যাতিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সকালে বিভিন্ন এলাকা থেকে মিছিলকারীরা টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। প্রায় দু্ই হাজার লোকের উপস্থিতিতে পরে সেখানে নাহার আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাদল তরফদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুজ্জামান পাশা, জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসান, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদুল হাসান, জেলা যুবলীগের সহসভাপতি আব্দুর রউফ, টাঙ্গাইল পৌরসভার সাবেক কমিশনার সাইফুজ্জামান খান, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম, যুগ্ম সম্পাদক তানভীর হাসান (ছোটমণি) প্রমুখ।
১২ জুলাই আমানুর ও সহিদুর হাইকোর্টে হাজির হয়ে ফারুক হত্যা মামলায় জামিনের আবেদন করেন। বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ পরপর দুই দিন শুনানি শেষে ১৪ জুলাই আমানুর ও সহিদুরকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতেও পুলিশকে নির্দেশ দেন আদালত। তারপরই তাঁরা টাঙ্গাইলে ফিরে আসছেন বলে প্রচারিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে আমানুরের ভাই পৌর মেয়র সহিদুর রহমান খান (মুক্তি) টাঙ্গাইলে আসেন। গত রোববার পৌরসভায় যোগদান করেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ রাষ্ট্রপক্ষের করা আপিলের পরিপ্রেক্ষিতে সাংসদ আমনুর ও সহিদুরকে গ্রেপ্তারে কোনো বাধা নেই বলে উল্লেখ করেন। এরপর সহিদুর আবার আত্মগোপন করেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল থানায় মামলা করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানা-পুলিশ তদন্ত করলেও পরে এর তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।