আমানুর ও তাঁর ভাইদের প্রতিরোধের ঘোষণা
আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় হাইকোর্ট দুই সপ্তাহ হয়রানি না করার জন্য পুলিশকে নির্দেশ দিলেও এলাকায় ফেরেননি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান (মুক্তি)। তাঁদের টাঙ্গাইলে প্রতিরোধের ডাক দিয়ে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে লাঠিমিছিল ও সমাবেশ হয়েছে ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদের নেতৃত্বে।
সকালে ‘নির্যাতিত আওয়ামী সমর্থক পরিবার’-এর ব্যানারে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে নাহার আহমেদ, জেলা যুবলীগের সহসভাপতি আবদুর রউফ রিপন, সাবেক পৌর কমিশনার সাইফুজ্জামান খান, জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসান প্রমুখ বক্তব্য দেন।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার রাজা ও মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে সাংসদ আমানুর ও তাঁর অপর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) জড়িত বলে উল্লেখ করা হয়। তারপর থেকে আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপন করেন।
গত রোববার আমানুর ও সহিদুর হাইকোর্টে হাজির হয়ে ফারুক হত্যা মামলায় জামিনের আবেদন করেন। বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শুনানি শেষে গত মঙ্গলবার আমানুর ও সহিদুরকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতেও পুলিশকে নির্দেশ দেন আদালত। তারপরই তাঁরা টাঙ্গাইলে ফিরে আসছেন বলে প্রচার হয়। আমানুরের নির্বাচনী এলাকা ঘাটাইল ও টাঙ্গাইল শহরে তাঁদের সমর্থকেরা প্রস্তুতি নিতে থাকেন তাঁদের অভ্যর্থনা জানাতে। মঙ্গলবার রাতেই টাঙ্গাইলে ফারুক হত্যার বিচারের দাবিতে মিছিল বের হয়। সেই মিছিল থেকে সাংসদের সমর্থক কয়েকজনকে লাঞ্ছিত করা হয়।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল থানায় মামলা করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানার পুলিশ তদন্ত করলেও পরবর্তী সময়ে এর তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।