টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। হত্যাকাণ্ডের তিন বছর পূর্ণ হলেও পুলিশ আদালতে অভিযোগপত্র দিতে পারেনি। তদন্তে সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইদের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি উঠে এলেও তাঁদের এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে নিহত ব্যক্তির পরিবারে ক্ষোভ দেখা দিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৪ সালের আগস্টে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম ও মো. আলী নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা দুজন এ হত্যাকাণ্ডে টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান ও তাঁর তিন ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ও ছাত্রলীগের সে সময়ের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানের জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন। তখন আমানুর ও তাঁর ভাইয়েরা এলাকা ত্যাগ করেন। জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, জাহিদুর ও সানিয়াত দেশত্যাগ করলেও আমানুর ও সহিদুর দেশেই অবস্থান করছেন। ঢাকা ও টাঙ্গাইলে একাধিকবার অভিযান চালিয়েও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।
মামলার বাদী নাহার আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘খুনিরা দেশে থাকলেও পুলিশ কী কারণে তাঁদের গ্রেপ্তার করতে পারছে না, তা আমাদের বোধগম্য নয়।’ তিনি আমানুর ও তাঁর ভাইদের গ্রেপ্তার, দলের সব পর্যায় থেকে বহিষ্কার এবং তদন্ত শেষ করে দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, তদন্ত শেষ পর্যায়ে। খুব তাড়াতাড়ি অভিযোগপত্র আদালতে দেওয়া হবে।
ফারুক আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে কোরআনখানি, শোক র্যা লি, কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে স্থানীয় শহীদ মিনারে স্মরণসভার আয়োজন করেছে।