
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত সাংসদ আমানুর রহমান খান (রানা) জাতীয় সংসদে গিয়ে স্বাক্ষর করে নির্বিঘ্নে চলে যাওয়ায় বিস্মিত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা থাকার পরও আমানুর গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। আর জেলা পুলিশ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি ২০১৪ সালের আগস্টে বের হয়ে আসে। এ সময় নাহার আহমেদের নেতৃত্বে আমানুর ও তাঁর ভাইদের বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। তারপর একসময় আত্মগোপনে চলে যান আমানুর। তাঁদের ধরতে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ ঢাকায় একাধিক অভিযান চালালেও গ্রেপ্তারে ব্যর্থ হয়। গত বছরের ৫ জুলাইও আমানুর সংসদে গিয়ে স্বাক্ষর করে চলে যান।
গত ৩ ফেব্রুয়ারি আমানুরদের ৪ ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ৬ এপ্রিল আদালত আমানুরসহ পলাতক ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সর্বশেষ ১৬ জুন ফারুক হত্যা মামলার ধার্য তারিখে আমানুরসহ পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দেন আদালত।
পুলিশ বিভাগ সূত্র বলেছে, জেলা গোয়েন্দা পুলিশ ফারুক হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর তাঁদের গ্রেপ্তারের ব্যাপারে তেমন তৎপর নয়।
আমানুরদের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের তৎপরতা নেই বুঝতে পেরেই আমানুর ঢাকায় অনেকটা স্বাভাবিকভাবে ঘোরাফেরা শুরু করেছেন। দলের অনেক কেন্দ্রীয় নেতার বাড়িতেও তাঁকে যাতায়াত করতে দেখা গেছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এলাকার লোকজনকে ঢাকায় নিয়ে তিনি একাধিক বৈঠক করেছেন বলেও জানা গেছে। সম্প্রতি বদলি হওয়া টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর টাঙ্গাইল ত্যাগ করার পরেই আমানুর আদালতে আত্মসমর্পণ করবেন বলে তাঁর সমর্থকদের মধ্যে বলাবলি রয়েছে।
গত বুধবার নাহার আহমেদ প্রথম আলোকে বলেন, ফারুকের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশ দিয়েছেন। তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎকালে তিনি ফারুকের হত্যাকারীদের বিচারে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
নাহার আহমেদ বলেন, যাঁদের সহযোগিতায় একজন খুনি সংসদে এসে নিরাপদে চলে গেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি টাঙ্গাইলের একজন সাংসদ এবং জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আমানুরের সঙ্গে যোগাযোগ করে তাঁকে রক্ষার ব্যাপারে তৎপরতা চালাচ্ছেন।’
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ফারুক আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইল আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। এই কুখ্যাত খুনিদের আওয়ামী লীগে ও টাঙ্গাইলে ঠাঁই হবে না।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, সাংসদ আমানুর গত সোমবার কখন জাতীয় সংসদে কার সঙ্গে গিয়েছিলেন, তা জানতে সংসদের সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।