আমানুরকে হাজির না করায় আবার পেছাল অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয়বারের মতো পেছাল। গতকাল বুধবার শুনানির দিন ধার্য ছিল। আসামি সাংসদ আমানুর রহমানকে আদালতে হাজির না করায় আদালত আগামী ১০ জানুয়ারি শুনানির নতুন তারিখ ধার্য করেন।
গত ১৩ অক্টোবর একবার অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়। অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকার কারণে সেদিনও আমানুরকে আদালতে হাজির করা হয়নি।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে গতকাল ফারুক হত্যা মামলার অভিযোগ গঠনের কথা ছিল। কিন্তু আমানুরের আইনজীবীরা আদালতকে বলেন, অসুস্থতার কারণে তাঁকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্য আসামি মোহাম্মদ সমিরও হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
২২ মাস পলাতক থাকার পর গত ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানুর। আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।