আমানুরকে হাজির না করায় আবার পেছাল অভিযোগ গঠন শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল। এ নিয়ে অভিযোগ গঠনের শুনানি পেছাল ষষ্ঠবারের মতো।
এই মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির না করায় গতকাল সোমবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। একই কারণে এর আগে পাঁচবার অভিযোগ গঠনের তারিখ থাকলেও অভিযোগ গঠন হয়নি। প্রত্যেকবার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে আমানুরকে অসুস্থতার কারণে হাজির না করার কারণে।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক আবুল মনসুর মিয়ার আদালতে গতকাল অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু কাশিমপুর কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, সাংসদ আমানুর অসুস্থ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বুকের ব্যথা ও উচ্চরক্তচাপে ভুগছেন। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই তাঁকে গতকাল আদালতে হাজির করা যায়নি। এ অবস্থায় আদালত অভিযোগ গঠনের জন্য আগামী ১২ জুন নতুন দিন ধার্য করেন।
২২ মাস পলাতক থাকার পর সাংসদ আমানুর গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।