আমানুরের অনুপস্থিতিতেই বিচার শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ
ফারুক আহমেদ

সাংসদ আমানুর রহমান খানসহ (রানা) ১০ আসামির অনুপস্থিতিতেই আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলার বিচারকাজ শুরু হচ্ছে। মামলাটি বিচারিক হাকিম আদালত থেকে বিচারকাজ নিষ্পত্তির জন্য গত সোমবার জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
এই মামলা ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে টাঙ্গাইলের পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটকে ওই দিনই চিঠি দিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্র জানায়, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামিদের ৩০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য দুটি দৈনিক পত্রিকায় গত ৩০ জুন বিজ্ঞপ্তি দেওয়া হয়। হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কিন্তু ওই ৩০ দিনের মধ্যে সাংসদ আমানুর রহমান খানসহ পলাতক ১০ আসামির কেউ আদালতে হাজির হননি। গত সোমবার মামলার ধার্য তারিখে টাঙ্গাইল সদর আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুম মামলাটি বিচারের জন্য প্রস্তুত থাকায় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য মুখ্য বিচারিক হাকিমের কাছে পাঠিয়ে দেন।
মুখ্য বিচারিক হাকিম ওই দিনই মামলাটির বিচার ও নিষ্পত্তির জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠান। জেলা ও দায়রা জজ বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মামলাটি পাঠিয়েছেন। ২৪ আগস্ট মামলার ধার্য তারিখে এ মামলার চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। ২০১৪ সালের আগস্টে এই মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আমানুর রহমান খান, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান (কাকন)সহ সাংসদের ঘনিষ্ঠ কয়েকজন এই হত্যাকাণ্ডে জড়িত।
এরপর থেকে সাংসদেরা চার ভাই আত্মগোপনে চলে যান। এ বছরের ৩ ফেব্রুয়ারি আমানুররা চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের নামে হুলিয়া জারি এবং গত ২০ মে অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়।