আমানুরের জামিন প্রশ্নে রুলের শুনানি শেষ, রায় ৩০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানের জামিন প্রশ্নে রুলের শুনানি শেষ হয়েছে। ৩০ মার্চ এ বিষয়ে রায় দেবেন হাইকোর্ট।
গতকাল সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।
আদালতে সাংসদ আমানুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ূন এবং এ এস এম আবদুল মুবিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ।
পরে বশির আহমেদ প্রথম আলোকে বলেন, রুলের ওপর শুনানি শেষ হয়েছে, হাইকোর্ট ৩০ মার্চ রায়ের জন্য দিন ধার্য রেখেছেন।
আমানুরের করা জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৮ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেন। রুলে কেন তাঁকে (আমানুর) জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এই রুলের ওপর গতকাল শুনানি শেষ হয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।