আমানুরের জামিন স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খানের জামিন স্থগিতের আদেশ চলমান থাকবে জানিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে পক্ষগুলোকে বলা হয়েছে। আমানুরের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার আদেশ দেন আপিল বিভাগ। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুরের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান ও রুশো মোস্তফা।
এই মামলায় গত ১৩ এপ্রিল হাইকোর্ট রুলসহ আমানুরকে অন্তর্বর্তী জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। যার পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত হয়। এরপর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে; যা ৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল চার মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন ও জামিনের স্থগিতাদেশ চার মাসের জন্য বৃদ্ধি করেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে এর বিচার শেষ করার নির্দেশ দেওয়া হয়।
এ অবস্থায় ২৩ আগস্ট আপিল বিভাগের দেওয়া আদেশ সংশোধন চেয়ে আমানুর রহমানের পক্ষে আবেদন করা হয়। পরবর্তীতে আবেদন দুটি শুনানির জন্য ওঠে। আদালত ১৫ অক্টোবর শুনানির জন্য দিন রাখেন। এ দিন সময় আবেদনের পরিপ্রেক্ষিত আদালত ১৯ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় আজ আবেদনের ওপর শুনানি হয়।
আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, সাংসদ আমানুরের জামিন স্থগিত করে আপিল বিভাগের দেওয়া আদেশ চলমান থাকবে বলে ১৪ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। আমানুরের অপর কৌঁসুলি রুশো বলেন, তিনি (আমানুর) এখন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। ফলে তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন আমানুর। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।