আমানুরের বাবুর্চি দিলেন ফারুক হত্যার বর্ণনা
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার ঘটনা বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রত্যক্ষদর্শী ওয়াহেদ আলী। তিনি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খানের (রানা) বাবুর্চি।
এদিকে পুলিশ চাইলে সাংসদ আমানুর ও তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানকে (মুক্তি) গ্রেপ্তার করতে পারবে। তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিলেন, তা সুপ্রিম কোর্টের চেম্বার আদালত গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
ফারুক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) অশোক কুমার সিংহ জানান, তদন্তের একপর্যায়ে তাঁরা জানতে পারেন ফারুক আহমেদ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ওয়াহেদ আলী। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের শুকুর মাহমুদের ছেলে ও সাংসদ আমানুর রহমানের বাবুর্চি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সকালে তাঁকে টাঙ্গাইল গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয়। ফারুক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে ওয়াহেদ জানান, ঘটনার তিন দিন আগে থেকে সাংসদ আমানুর তাঁর নির্বাচনী এলাকা ঘাটাইলে ছিলেন। ঘটনার দিন রাত সাড়ে নয়টা থেকে দশটার দিকে সাংসদের সঙ্গে তিনি টাঙ্গাইলে আসেন। সাংসদ নিজ বাড়ির কাছে তাঁর মালিকানাধীন গ্লোবাল ট্রেনিং সেন্টারে অবস্থান করেন। কিছুক্ষণ পর তিনি আনিসুল ইসলাম ওরফে রাজাকে পাঠিয়ে ফারুককে সেখানে ডেকে আনেন। তাঁরা সেই অফিসে আলাপ করার সময় ওয়াহেদ ট্রেনিং সেন্টারের ফটকের কাছে আসেন। কিছুক্ষণ পর ফারুককে বের হয়ে শৌচাগারের দিকে যেতে দেখেন। এই সময় গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখতে পান কবির নামের একজন গুলি করা আগ্নেয়াস্ত্রটি কোমরে রাখছেন। সমির ও হক নামের দুজন পাশে দাঁড়িয়ে আছেন এবং ফারুককে টেনে তুলছেন আনিসুল ও মোহাম্মদ আলী নামের দুজন। এ সময় সাংসদ আমানুর ও তাঁর ছোট ভাই সানিয়াত খান অফিস থেকে বের হয়ে আসেন। কিছুক্ষণ পরই আমানুর তাঁর গাড়ি আনিয়ে ওয়াহেদকে সঙ্গে নিয়ে ঘাটাইলের উদ্দেশে রওনা হন। তাঁরা ঘাটাইল পৌঁছার আগেই জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ ওরফে রাজিব সাংসদকে ফোন করে ফারুকের মৃত্যুর সংবাদ দেন। এই ফোন পাওয়ার পর সাংসদ আবার টাঙ্গাইল ফিরে আসেন ও হাসপাতালে গিয়ে ফারুকের লাশ দেখেন।
গোয়েন্দা পুলিশের কাছে এই জবানবন্দি দেওয়ার পর পুলিশ আদালতে গিয়ে হাকিমের কাছে জবানবন্দি দেওয়ার প্রস্তাব দিলে ওয়াহেদ রাজি হন। পরে তাঁকে দুপুরে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। সেখানে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিউলি রানি দাসের কাছে ওয়াহেদ এই জবানবন্দি দেন। পরে নিজ বাড়িতে ফিরে যান ওয়াহেদ।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে ফারুককে গুলি করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমদ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল থানায় মামলা করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানার পুলিশ তদন্ত করলেও পরে এর তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়।
ডিবি সূত্র জানায়, ফারুক হত্যা মামলায় আনিসুল ও মোহাম্মদ আলীকে গত বছর আগস্টে গ্রেপ্তার করা হয়। এই দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দি থেকে জানা যায়, এই হত্যাকাণ্ডে সাংসদ আমানুর ও তাঁর অপর তিন ভাই মেয়র সহিদুর, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাকন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান জড়িত। তারপর থেকে আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপন করেন।
গ্রেপ্তারে বাধা নেই: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা গতকাল প্রথম আলোকে বলেন, দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আগ পর্যন্ত তাঁদের (আমানুর ও সহিদুর) গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্টের যে নির্দেশনা ছিল, চেম্বার আদালত তা স্থগিত করেছেন। অর্থাৎ তাঁদের গ্রেপ্তারে এখন কোনো বাধা নেই।
আগাম জামিনের জন্য আমানুর ও সহিদুরের করা আবেদন নিষ্পত্তি করে ১৪ জুলাই আদেশ দেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। ওই আদেশে বলা হয়, আমানুর ও সহিদুরকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। এই সময়ের মধ্যে তাঁদের পুলিশ গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না।
আমানুর-সহিদুর ‘আত্মগোপনে’: সাংসদ আমানুর রহমান ও মেয়র সহিদুর রহমান ‘আত্মগোপনে’ আছেন। প্রায় আট মাস এলাকায় না থাকার পর গত বৃহস্পতিবার শুধু সহিদুর টাঙ্গাইল ফিরেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ১৪ জুলাই আমানুর ও সহিদুরকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেন। তারপরই সহিদুর বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলে ফিরে আসেন। এদিকে তাঁকে প্রতিহত করতে ফারুক আহমদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন। টাঙ্গাইল ফিরলেও সহিদুর বাসা থেকে বের হননি। গত সোমবার তিনি লোক মারফত যোগদানপত্র পৌরসভার কার্যালয়ে পাঠান। তাঁর নির্দেশেই গতকাল টাঙ্গাইল পৌর পরিষদের সভা আহ্বান করা হয়। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় সভাটি স্থগিত করা হয়।
একাধিক সূত্র জানায়, সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে হাইকোর্টের আদেশটি স্থগিত হতে পারে ভেবেই সহিদুর সোমবার রাতেই এলাকা ছাড়েন। এদিকে গতকালও ফারুকের স্ত্রী নাহারের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের নিরালা মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও যোগ দেন।