আমানের জামিন, গয়েশ্বরের শুনানিতে বিব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান
গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

হত্যা ও বিস্ফোরক আইনে করা এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে ওই মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আবেদনের শুনানি গ্রহণে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের এক বিচারপতি।

আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আমানউল্লাহ আমানের জামিন মঞ্জুর করেন। একই বেঞ্চে গয়েশ্বর চন্দ্র রায়ের আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়।

আদালতে আমানউল্লাহ আমানের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। গয়েশ্বরের পক্ষে ছিলেন নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।

সগীর হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলায় জামিন পাওয়ায় আমানের কারামুক্তিতে আইনগত বাধা নেই।

নিতাই রায় চৌধুরী বলেন, বেঞ্চের এক বিচারপতি গয়েশ্বরের আবেদনের শুনানি গ্রহণে বিব্রত বোধ করেছেন। আবেদন ফেরত নেওয়া হয়েছে। এখন অন্য বেঞ্চে  উপস্থাপন করা হবে।

গত ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে মালিবাগ চৌধুরীপাড়ায় ছাত্রশিবিরের এক কর্মী নিহত হন। এ ঘটনায় রামপুরা থানায় ৩০ ডিসেম্বর একটি মামলা হয়। ওই মামলায় ২০ এপ্রিল আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের কারাগারে পাঠান।