আমার অনুপস্থিতিতে জিএম কাদের দায়িত্ব পালন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ‘আমার অনুপস্থিতিতে ছোট ভাই জিএম কাদের দলের দায়িত্ব পালন করবেন। এ নিয়ে আপনাদের কোনো বিরোধ থাকার কথা নয়। কেউ যদি এ নিয়ে বিরোধ সৃষ্টি করেন তাঁদের দলে থাকার কোনো দরকার নেই।’গতকাল শুক্রবার রংপুর শহরের সেন্ট্রাল রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলের কর্মিসভায় তিনি এ কথা বলেন। এর আগে সেখানে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির প্রথম সভা হয়। এইচ এম এরশাদ বলেন, ‘কিছুদিন আগে আমি মারা গেছি বলে গুজব ছড়িয়ে পড়ে। কোথাও থেকে এই খবর প্রচার করা হয়েছিল। কিন্তু রংপুরের মানুষের দোয়া-আশীর্বাদ নিয়ে আমি এত দূর এসেছি। আমি মারা গেলে রংপুরসহ এ অঞ্চলের মানুষ সবার আগে জানবে।’এরশাদ তাঁর সুস্থতার জন্য রংপুরবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমার শরীরের অবস্থা ভালো নয়। তাই আমার অনুপস্থিতিতে যোগ্য ব্যক্তি হিসেবে দলের দায়িত্ব ছোট ভাই জিএম কাদেরকে দিয়ে যাচ্ছি।’ জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘রংপুরের মেয়র প্রার্থী হিসেবে আমি যাকে মনোনীত করব তাঁর পক্ষেই দলের সবাইকে কাজ করতে হবে। এ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করেন তবে আমি বলছি আপনারা এখনই চলে যান।’ মহাজোট প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘ভবিষ্যতেও মহাজোটের মাধ্যমে আমরা নির্বাচন করব। এই অঞ্চলে আমাদের অবস্থান ধীরে ধীরে ভালো হচ্ছে।’ সভায় রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল, সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা, সাবেক সাংসদ মশিউর রহমান, এরশাদের ছোট ভাই মোজাম্মেল হোসেন, পৌর মেয়র এ কে এম আবদুর রউফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।