কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘কাজের ব্যস্ততায়, বেখেয়ালে তামাকের রপ্তানি শুল্কহার কমানোর প্রস্তাব করেছিলাম। সচেতনভাবে করলে আমি তামাকের ওপর শুল্ক হ্রাসের পক্ষে মত দিতাম না। এখানে আমার ত্রুটি হয়েছে, অনেক ফাইলের ভিড়ে আমি ওই নথিতেও সই করে ফেলি। আর সেটিই মন্ত্রণালয়ের জবাব হিসেবে এনবিআরের কাছে যায়। তবে এটা ঠিক যে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।’গতকাল রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয়কে তামাক রপ্তানিতে শুল্কহার কমাতে কৃষি মন্ত্রণালয় কোনো চিঠি দেয়নি। অথচ দৈনিক বাংলাদেশ প্রতিদিন “মতিয়া তামাকের শুল্ক কমাতে চিঠি দেন মুহিতকে” শিরোনামে একটি খবর পরিবেশন করেছে।’ তিনি পত্রিকাটিকে আরও সতর্কভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অধিবেশনে এ সময় সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ।মতিয়া চৌধুরী বলেন, ‘এনবিআর আরোপিত কাঁচা তামাকের ওপর ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার করা সমীচীন হবে কি না, সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। এটি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষরের পর সর্বশেষ সচিবের স্বাক্ষর শেষে নথি আমার কাছে আসে। গত ২৮ এপ্রিল আমি নথিতে সই করি।’ তিনি বলেন, ‘আরেকটু সতর্কভাবে দেখলে তামাকের ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিতাম না। মন্ত্রিসভার বৈঠকে ও সংসদে বাজেট আলোচনায়ও আমি তামাকের ওপর কর বাড়ানোর প্রস্তাব করে বক্তব্য দিয়েছি। কিন্তু পত্রিকায় ছাপা হয়েছে, তামাকের শুল্কহার কমাতে আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করে চিঠি দিয়েছি। সেটা অসত্য। ভবিষ্যতে তাঁরা এ ধরনের অসত্য তথ্য পরিবেশন করবেন না বলে আশা করি।’