আমার কোনো বক্তব্য নেই, আদালতে রানা

নৌবাহিনী থেকে অবসরে পাঠানো র্যাব-১১-এর ক্যাম্পের সাবেক অধিনায়ক লে. কমান্ডার (অব.) এম এম রানাকে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজিরের পর আদালত তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ রোববার বিকেলে এম এম রানাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আদালতে রানা বলেছেন, তাঁর কোনো বক্তব্য নেই। আদালতের আদেশ মাথা পেতে নেবেন তিনি। এর আগে র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ ও র্যাব-১১-এর মেজর (অব.) আরিফ হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাত দিনের রিমান্ডে শেষে আজ বিকেল জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে এম এম রানাকে হাজির করা হয়। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ওরফে বিউটির দায়ের করা হত্যা মামলায় রানার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পালের দায়ের করা মামলায়ও রানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে বিকেল পাঁচটার কিছু পরে কড়া নিরাপত্তার মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে এম এম রানাকে আদালতে হাজির করা হয়। বিপুলসংখ্যক পুলিশ আদালত চত্বরে অবস্থান নেয়। এ সময় আদালতপাড়া এলাকা থেকে সাংবাদিক ও আইনজীবী ছাড়া অন্যদের সরিয়ে নেওয়া হয়।
আদালতে কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, এটি চাঞ্চল্যকর মামলা। গত ২৭ এপ্রিল র্যাব পরিচয়ে ২৫-৩০ জন অস্ত্রের মুখে নজরুলসহ সাতজনকে তুলে নিয়ে যায়। এর পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে নজরুলের সঙ্গে বিরোধ ছিল। নূর হোসেনের সঙ্গে র্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানাসহ অন্যদের সখ্য ছিল। নূর হোসেনের দ্বারা প্রভাবিত হয়ে তাঁরা তাঁদের অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ আছে। অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে এবং কোথায় হত্যা করা হয়েছে ও হত্যার ঘটনার সঙ্গে র্যাবের আর কোন কোন সদস্য জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ রিমান্ডের আবেদন জানানো হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান আদালতে বলেন, সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় দুই প্রত্যক্ষদর্শী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছেও এই ঘটনায় সাক্ষ্য দিয়েছেন। এ ঘটনায় র্যাবের গ্রেপ্তারকৃত তিন কর্মকর্তা ছাড়াও র্যাবের সদস্য জড়িত ছিলেন। তাঁরা নূর হোসেনের কাছ থেকে বিপুল অর্থ নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশের সঙ্গে উদ্ধার হওয়া রশি, ইট ও বস্তাগুলো র্যাবের। লাশ বাঁধতে যে গিটঠু দেওয়া হয়েছে সেগুলো কমান্ডো গিটঠু। এসব তথ্য উদঘাটনে ১০ দিনের রিমান্ডে নেওয়া জরুরি।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফজলুর রহমান বলেন, অপহরণের ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা দুজনই বলেছেন, র্যাবের পোশাক পরিহিত লোক তাঁদের অপহরণ করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনেও হত্যার যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে এটা স্পষ্ট হয়, এরাই ঘটনাটি ঘটিয়েছেন। তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
কাঠগড়ায় এম এম রানা আদালতে বলেন, ‘আমার কোনো বক্তব্য নেই। আদালত যে আদেশ দেবে আমি তা মাথা পেতে নেব।’
পরে বিকেল পাঁচটা ৩৫ মিনিটে কড়া পুলিশ প্রহরায় শহরের মাসদাইরের পুলিশ লাইন এলাকায় রানাকে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ১৬ মে রাতে সাত খুনের ঘটনায় র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার হত্যার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের পক্ষে আইনি সহায়তা দেওয়ার জন্য কোনো আইনজীবী দাঁড়াননি। গত বৃহস্পতিবার আবারও নজরুলের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা হত্যা মামলায় তাঁদের দুজনকে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ।
১৮ মে মামলার অপর আসামি এম এম রানাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।