আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে...

যান্ত্রিক কোনো বাহনে নয়, কনের বাড়িতে বরযাত্রীরা যায় গরুর গাড়িতে। কবুল শেষে নববধূ নিয়ে বাড়ি ফেরে একইভাবে। গতকাল শুক্রবার বিকেলে ব্যতিক্রমী ও যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে।
বর আরিফুর ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। বাড়ি ওই ইউনিয়নের কিশামত চেরেঙ্গা গ্রামে। বাবা আবদুর নুর একজন শিক্ষক। কনে সুমাইয়া আক্তারের বাড়ি একই ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তিনি ওই গ্রামের ব্যবসায়ী লিটন মিয়ার মেয়ে। অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
বিয়ে উপলক্ষে পাঁচ হাজার টাকায় তিনটি গরুর গাড়ি ভাড়া নেওয়া হয়। গতকাল সকাল থেকেই সেই গাড়ি সাজানো হয় রঙিন কাগজ ও বেলুন দিয়ে। তিনটি গাড়িতে বরসহ ৩০ জন বরযাত্রী। বেলা তিনটায় কিশামত চেরেঙ্গা গ্রাম থেকে যাত্রা শুরু। গ্রামের রাস্তায় চলছে গাড়ি। গাড়িয়াল (চালক) হোট হোট করছেন। গাড়ির ভেতরে মুঠোফোনে বাজছিল ‘আমার গরুর গাড়ি তে বউ সাজিয়ে...’ গান। গানের তালে যাত্রীরা উল্লাস করে। বিকেল সাড়ে চারটার দিকে বিয়ের কাজ শুরু হয়। তারপর কবুল বলেন বর-কনে। অবশ্য খাওয়াদাওয়া আগেই শেষ হয়। সন্ধ্যায় নববধূকে নিয়ে গরুর গাড়িতেই ফিরে যায় বরযাত্রীরা।
বর আরিফুর ইসলাম বলেন, গরুর গাড়ি গ্রামবাংলার ঐতিহ্য। পক্ষান্তরে যান্ত্রিক বাহনে খরচ বেশি। তাই ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন।
কিশামত চেরেঙ্গা গ্রামের প্রবীণ শিক্ষক কাশেম মিয়া (৬৫) বলেন, একসময় গ্রামাঞ্চলে যানবাহন বলতে ছিল গরুর গাড়ি। এই গাড়িতেই বিয়ে, আত্মীয়র বাড়িতে যাতায়াত ও বাজারঘাট সবই করা হতো। তারপর যানবাহনের ভিড়ে সেই ঐতিহ্য হারিয়ে যায়। গরুর গাড়িতে বিয়ে দেখে ভালো লাগল। দৌলতপুর গ্রামের কৃষক নবিজল মিয়া (৭০) বলেন, ‘গরুর গাড়িত বিয়া দেকি ভালো নাগল।’