আমার গ্রাম: রূপান্তরের রেখাচিত্র
ফিডার স্কুল রয়েছে।
বাড়িঘরের ধরন পর্যালোচনায় দেখা যাচ্ছে, ১৯৭০-কে ভিত্তিবছর ধরলে ফতেপুর এলাকায় সত্যিকারের পাকা বাড়ি ছিল মাত্র একটি। হাজি মো. ইসহাক ও জালাল আহমেদ মাস্টারের এ দুই ভাইয়ের বাড়ি। তার সঙ্গে আধা পাকা বাড়ি হয়তো ছিল সর্বসাকল্যে পুরো এলাকায় আট-দশটি। সে জায়গায় এখন কাঁচা বাড়ির সংখ্যা মোট এক হাজার ৪০০-এর মধ্যে ১০০টি পাওয়াই মুশকিল। প্রায় বাড়িই পাকা। প্রায় ৮০ শতাংশ বাড়ি বিদ্যুতায়নের আওতায়। টেলিভিশন ৮০ শতাংশ বাড়িতেই দেখা যায়, প্রতি বাড়িতেই অন্তত একটি মুঠোফোন। একসময় গৃহস্থ বাড়ির অপরিহার্য অংশ ছিল একটি গোয়ালঘর বা গোশালা। এখন আগের সনাতনী কৃষি পরিবার ও পাড়ায় কোনো গোশালা পাওয়া গেল না। কৃষি এখন কারও একক পেশা নয়। অন্যান্য বৃত্তির সঙ্গে চাষাবাদটা আছে, এই যা। হাল বলদের প্রচলন উঠে গেছে বললেই চলে। জমি চাষ করা হয় পাওয়ার টিলার দিয়ে। আগে বালুখালি ছড়ার পাহাড়ি পানি ব্যবহার করে প্রচুর সবজি এবং ধানের জমিতে তিন মৌসুমেই চাষাবাদ হতো। আউশ, আমন ও বোরো। এখন জনসংখ্যা বৃদ্ধি ও আর্থিক সমৃদ্ধির ফলে কৃষিজমিতে অনেক বাড়িঘর হয়েছে। পুরো এলাকাতে চাষের জমির সরাসরি প্রায় অর্ধেকাংশই বাড়ি-ঘর-সড়কসহ অন্যান্য স্থাপনা গ্রাস করেছে। বাকি অর্ধেক যা রয়েছে, তাতেও সামান্য কিছু জমিতে এক মৌসুমে শুধু বোরো চাষ হয়, আর কিছু জমিতে আমন ও বোরো দুই মৌসুমে চাষ হয়। কামলার মজুরি বছরের বেশির ভাগ সময়ই ৩৫০ টাকার নিচে যায় না। ওপরে তা ৪০০ টাকা পর্যন্ত ওঠে। কৃষিশ্রমিকেরা আগের মতো উদয়াস্ত কাজ করেন না। খাওয়া-দাওয়া নিজের বাড়িতেই করে থাকেন। আট ঘণ্টার বেশি তাঁরা কাজ করেন না। এলাকার সচ্ছল পরিবারগুলো ছেলেমেয়ের লেখাপড়ায় প্রচুর অর্থ ব্যয় করছে। গ্রাম থেকে বের হয়ে শহরে ভাড়া বাসায় থেকে ভালো স্কুল-কলেজে ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে। বিশেষ করে অনেকে ছেলেদের বিদেশে পাঠিয়ে দিয়েছে। শহরে স্থায়ী বসবাসের জন্য বাড়ি ও ফ্ল্যাট কিনেছে। এসবই গত ৩০ বছরের ঘটনা। ১৯৭০ সালে এ রকম পাঁচটি পরিবারও পাওয়া যায়নি, যারা শহরে স্থায়ীভাবে বসবাস করত।
আর্থিক সমৃদ্ধিসহ সব বস্তুগত উন্নতির মানদণ্ডে ১৯৭০-এর গ্রাম এখন ভিন্ন ধরনের এক নতুন শহর। যেখানে একসময় ৯০ শতাংশ পরিবার ছিল কৃষিজীবী, সেখানে এখন উল্টো কৃষিজীবীই ১০-২০ শতাংশে নেমে এসেছে। শিক্ষার প্রসার হলেও গুণবাচক পর্যবেক্ষণে মনে হলো আগের সহজ-সরল গ্রামীণ পরিবেশ নেই। সংস্কৃতির ক্ষেত্রে প্রসার ঘটেছে নাগরিক সংস্কৃতির বদলে নব্য গ্রাম্যতার। জনবসতি অতি ঘন, ফলে জমিসংকট এবং জমি নিয়ে অসংখ্য বিরোধ। নতুন নির্মাণ চলছে, কিন্তু সংযোগ সড়ক ও পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। নিরাপদ পানির সংকটও দেখা দিয়েছে সর্বত্র। গভীর নলকূপের মাধ্যমে অতি মাত্রায় পানি উত্তোলনই হয়তো এর অন্যতম কারণ। রাজনৈতিক দলীয় বিভাজন প্রকট। সামাজিক নেতৃত্ব ক্ষয়িষ্ণু। এলাকায় সর্বজনশ্রদ্ধেয় কোনো নেতৃত্ব-ব্যক্তিত্ব বা ব্যক্তিসমস্টি নেই। সবার মধ্যেই অভিযোগ, অশান্তি, অস্থিরতা ও হতাশা। হতাশার ধরনটি বোঝানোর জন্য একজন অতি সাধারণ মানুষের একটি অভিব্যক্তি তুলে ধরা হলো। আমার গ্রামেরই একজন মাঝবয়সী ভদ্রলোক তাঁর এক ছেলের একটা চাকরির ব্যবস্থা করার অনুরোধ নিয়ে এসেছিলেন। তিনি বললেন, ‘সবাইকে তো টাকা দিয়া বিশ্বাস করা যায় না। তাই আপনার কাছে আসলাম। যা খরচ লাগে দিয়ে দিব, ছেলের জন্য বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর একটি চাকরির ব্যবস্থা করে দিন।’ আমি প্রথমে এ জাতীয় অনুরোধে বিব্রত হলাম। তিনি এলাকারই একজনের নাম উল্লেখ করে বললেন, তিনি বড় ভালো মানুষ, ঘুষের টাকা নিয়ে চাকরির ব্যবস্থা ঠিকই করে দিয়েছেন। অনেকে টাকা নিয়ে চাকরি দেয় না, টাকা ফেরতও দেয় না, খালি ঘোরায়। সমাজে এভাবেই ‘ভালো মানুষ’-এর ভালোমানুষি নির্ণয় হতে পারে, এ আমার ধারণায় ছিল না। তাহলে সমাজে খারাপ মানুষ কারা? এত উন্নতি-সমৃদ্ধির পর এ অঞ্চলে ভালো মানুষের এ সংজ্ঞায়ন সমাজ পরিবর্তনের ধারা উপলব্ধিতে আমার বিভ্রান্তি বাড়িয়েছে। এ প্রশ্ন সব সমাজ-বিশ্লেষকের কাছে থাকল।
লেখা তৈরিতে বিভিন্নভাবে সহযোগিতার জন্য চবির উপরেজিস্ট্রার মো. সেকান্দার মিয়া ও মো. হাছান মিয়া, স্কুলশিক্ষক শ্রীআশীষ রাহা, শিল্পোদ্যোক্তা প্রণব সাহা, ফতেপুর ইউপির সাবেক মেম্বার মো. ছারোয়ার হোসেন (হোসেন মেম্বার) এবং ১৮টি গ্রামগুচ্ছের সমাজসর্দারদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।
তোফায়েল আহমেদ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ