‘স্যার, এক বছর আগে এই দিনে (গত বছরের ৬ অক্টোবর) আমার ছেলে কুষ্টিয়া থেকে বিকেলে ঢাকায় আসে। তারপর বুয়েটের শেরে-বাংলা হলে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। রাত ৮টা ৫ মিনিটের দিকে আসামিরা আমার ছেলেকে হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যায়। সেদিন রাত ৮টা ১৫ মিনিট থেকে রাত ২টা ১০ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে আমার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়।’
বুয়েট ছাত্র আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ আজ মঙ্গলবার এসব কথা বলেন। মামলার বাদী আবরারের বাবার জেরা মঙ্গলবার শেষ হয়েছে।
বরকত উল্লাহ গতকাল সোমবার ছেলের হত্যার বিচার চেয়ে আদালতে জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে মঙ্গলবার জেরা করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আসামিদের আইনজীবীরা তাঁকে টানা জেরা করেন। তবে দুপুরে এক ঘণ্টার জন্য শুনানি মুলতবি রাখেন বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সব প্রশ্নের জবাব দেন বরকত উল্লাহ। আগামীকাল বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে।
আসামিপক্ষের অধিকাংশ আইনজীবী বরকত উল্লাহর কাছে জানতে চান, ছাত্র শিবিরের প্ররোচনায় তিনি মামলার এজাহার দায়ের করেন কিনা। জবাবে বরকত উল্লাহ আদালতে বলেন, আসামি পক্ষের আইনজীবীরা যা বলেছেন, তা সঠিক নয়। ছেলের হত্যার বিচারে সাক্ষ্য দিতে গিয়ে মাঝেমধ্যে আবেগতাড়িত হয়ে পড়েন বরকত উল্লাহ। মামলার অভিযোগপত্রভুক্ত ২৫ জন আসামির আইনজীবীদের প্রত্যেকে আবরারের বাবাকে জেরা করেন।
কীভাবে তিনি এই মামলার আসামিদের নামের তথ্য সংগ্রহ করেন—সে ব্যাপারে বরকত উল্লাহ আদালতে বলেন, ছেলের খুন হওয়ার সংবাদ পাওয়ার পর তিনি বুয়েটের শেরে-বাংলা হলে আসেন। এরপর হলের প্রভোস্টের কক্ষে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেন। সেখান থেকে পাওয়া তথ্য এবং কয়েকজন ছাত্রের দেওয়া তথ্য নিয়ে তিনি থানায় মামলার এজাহার করেন।
বরকত উল্লাহ আদালতকে আরও জানান, ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পর ৭ অক্টোবর সকাল ৮টায় একটি প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৪টায় তিনি ঢাকা আসেন। প্রথমে ছেলের হলে যান, আবরারের কক্ষের সামনে যান। পরবর্তীতে ছেলের জামা-কাপড়সহ অন্যান্য জিনিসপত্র বুঝে নিয়েছেন।
গত বছরের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটে শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২১ জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন আদালত। অভিযোগপত্রে বলা হয়, পরস্পর যোগসাজশে শিবির সন্দেহে আবরারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে নির্মমভাবে পিটিয়ে তাঁকে হত্যা করা হয়।
গত ২ সেপ্টেম্বর বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় পলাতক রয়েছেন তিন আসামি।
আমার ছেলের কী দোষ ছিল: আবরারের মা
গত বছরের ৫ অক্টোবর বিকেলে মা রোকেয়া বেগম, ছোট ভাই আবরার ফাইয়াজকে নিয়ে ঘরে বসে গল্প করছিলেন বুয়েট ছাত্র আরবার ফাহাদ। পরের দিন ৬ অক্টোবর আবরার ফাহাদ ঢাকা যাবেন। এ জন্য বাসের টিকিটও কেটে রেখেছিলেন। গল্পের ফাঁকে ৫টা ৩২ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এটাই ছিল তাঁর জীবনের শেষ পোস্ট।
কুষ্টিয়ার বাসায় বসে মঙ্গলবার আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলছিলেন, ‘সেদিন বিকেলে সোফায় বসে আমাদের সামনেই পোস্টটি দিয়েছিলেন ভাই। মাত্র একদিন পরেই বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার কথা ছিল। এরপর কী নৃশংস ঘটনা ঘটল, সবাই দেখেছেন।’
আবরারের সেই পোস্টে ৪ লাখ ২৭ হাজার লাইক পড়েছে। ৭০ হাজারবার শেয়ার হয়েছে। তিন প্যারার পোস্টটি মা রোকেয়া বেগম পড়েছেন ও দেখেছেন। মায়ের প্রশ্ন, ‘আমার ছেলে তো নিজের কথা কিছু বলেনি বা লেখেনি। যেটা লিখেছে সেটা তো সে কোনো না কোনো বইয়ে পড়েছিল। সেই পড়ালেখা যদি তাঁর জীবন কেড়ে নেয়, তাহলে বইগুলো কেন আছে? আমার ছেলের কী দোষ ছিল?’
দ্রুত বিচার চায় বুয়েট অ্যালামনাই
আবরার হত্যার ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে বুয়েট অ্যালামনাই। অ্যালামনাইয়ের এক বিজ্ঞপ্তিতে আবরারের আত্মার শান্তি কামনা করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের পর ক্যাম্পাস নিরাপদ ও শিক্ষাবান্ধব রাখতে সরকার ও বুয়েট প্রশাসনের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।