আমার ছেলেরে আমার বুকে দেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছেলেরে আমার বুকে দেও, আমার বুক ঠান্ডা হউক। আমার ছেলে কোনো অন্যায় করলি আমারে কবা আমি দিয়ে দিব। আমার ছেলেরে তোরা মারলি কেন।’
এভাবেই গতকাল দুপুরে আহাজারি করে কাঁদছিলেন ‘বিষপ্রয়োগে’ মৃত শিশু শরিফুলের মা রোকেয়া বেগম। তাঁর পাশাপাশি সাবদিয়া সরদারপাড়ার বাসিন্দারা শোকে মুহ্যমান। মামলার অন্য দুই আসামি গ্রেপ্তার না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
পরিবার ও এলাকাবাসী জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় শরিফুলের লাশ বাড়িতে আসে। রাত সাড়ে সাতটার দিকে জানাজা শেষে কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের পাশে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
চুরির অভিযোগ তুলে দোকান কর্মচারী শিশু শরিফুল ইসলামকে (১২) বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বাবা ইলাহী বকস্ সরদারের ভাষ্যমতে, শহরের শস্যবীজের দোকান হাবিব সিড স্টোরের মালিক আবু তাহের সোমবার সকালে মুঠোফোন চুরির অভিযোগে কর্মচারী শরিফুলকে বাড়িতে ডেকে মারধর করেন। ইলাহী বকসের অভিযোগ, শিশুটির অবস্থা আশঙ্কাজনক মনে হলে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। তাহেরের দুই ছেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সন্ধ্যার পর খবর দেওয়া হলে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি ছেলেকে মৃত পান।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কেশবপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছিলেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল দুপুরে নিহত শিশু শরিফুলের বাড়িতে গেলে দেখা যায়, তার শোকাতুর মাকে ঘিরে রয়েছেন স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। প্রতিবেশীরা বলেন, শরিফুলের বাবা ইলাহী বকস্ ভ্যান চালান। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী। এ কারণে এর প্রতিবাদ করতেন না।
গতকাল তাহেরের কেশবপুর শহরের আলিয়া মাদ্রাসাপাড়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর দ্বিতীয় স্ত্রী জোবেদা বেগম বলেন, ‘আমরা শিশুটিকে খুবই ভালো বাসতাম। কোনো দিনও তাকে নির্যাতন করিনি। মুঠোফোন চুরি নিয়ে চাপও দিইনি।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এখনো আসেনি।