‘আমার তো ভয় করে সমস্যা বোঝা গেলে, মানুষ কথা শোনাবে’

বিএসএমএমইউফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর স্বাভাবিক ছিল মেয়েটি। তবে চার বছর বয়সে হঠাৎ পুরুষাঙ্গ দৃশ্যমান হয়, ধীরে ধীরে বড় হতে থাকে। চিকিৎসকেরা অভিভাবককে জানান, শিশুটির মাসিকের রাস্তাও বন্ধ। হরমোনের কারণে এসব হচ্ছে।

‘যেদিন থেকে শুনেছি, বাচ্চা নিয়েই চিন্তা। শোনার পর আমি টানা এক বছর কান্নাকাটি করেছি। চিন্তা করতে করতে হার্টের রোগ (হৃদ্‌রোগ) হয়ে যাচ্ছে। ওর (শিশুটির) বাপও ভেঙে পড়েছে। খাওয়া–দাওয়া ছেড়ে দিয়েছি দুজনই’, বলছিলেন শিশুটির মা।

শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এই মা। তিনি বলেন, ‘আশপাশের লোকজন সামনে বাচ্চাটা সম্পর্কে এখনো কিছু বলে না, পেছনে কিছু বলে কি না জানি না। এখনো ছোট তো। আমার তো ভয় করে, বড় হয়ে গেলে, সমস্যা বোঝা গেলে, মানুষ তখন কথা শোনাবে।’

শিশুটির শারীরিক ও লৈঙ্গিক এ অবস্থাকে চিকিৎসকদের ভাষায় ‘ডিজঅর্ডার অব সেক্সুয়াল ডেভেলপমেন্ট’ (ডিএসডি) বা ‘লিঙ্গ বিকাশজনিত ত্রুটি’ বলা হয়। এর আওতায় আসা ব্যক্তিদের ‘হিজড়া’ গোষ্ঠী বলে।

রাজশাহীর শিশুটিকে বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এনে চিকিৎসা করাচ্ছেন অভিভাবকেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি মেয়ে। তাকে সম্প্রতি হরমোনের জন্য ওষুধ দেওয়া হয়েছে, তিন মাস পর শুরু হবে পরবর্তী চিকিৎসা।

বিএসএমএমইউর শিশু সার্জারি বিভাগে লিঙ্গ বিকাশজনিত এ ত্রুটির চিকিৎসা অনেক বছর ধরেই চলছে। এবার এই সার্জারি বিভাগে চালু হয়েছে বহির্বিভাগ। ২১ নভেম্বর বিভাগটি চালু হয়। বর্তমানে সপ্তাহের প্রতি রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসাসেবা মিলবে। দেশে ডিএসডি অস্ত্রোপচার হলেও বহির্বিভাগ এই প্রথম। গত পাঁচ বছরে বিএসএমএমইউতে এ ধরনের ২৬টি অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন শিশু সার্জারির বিভাগীয় প্রধান। তবে এর আগের কোনো হিসাব রাখা হয়নি।

রাজশাহীর ওই শিশুর অভিভাবকের মতো একই ধরনের দুশ্চিন্তায় আছেন নেত্রকোনার ১৫ বছর বয়সী আরেকটি শিশুর অভিভাবক। জন্মের সাত মাস পর মেয়েশিশুটির যৌনাঙ্গে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরের ভেতরের বৈশিষ্ট্য ছেলেদের। বংশগতির প্রধান উপাদান বা ক্রোমোসোম ব্যক্তির লিঙ্গ নির্ধারণ করে। শিশুটির শরীরে ছেলেদের ক্রোমোসোম পাওয়া গেছে।

তার মা–বাবা জানান, জন্মের সাত মাস পর শিশুটির মেয়েদের যৌনাঙ্গ স্বাভাবিকের চেয়েও ছোট দৃশ্যমান হয়। এর ওপর–নিচে ছেলেদের যৌনাঙ্গ ও অণ্ডকোষ দৃশ্যমান হচ্ছে। তৃতীয় শ্রেণিতে ওঠার পর শিশুটি জানায়, তার অনুভূতি পাল্টাচ্ছে—মনের ও যৌনাঙ্গের। চিকিৎসা না করালে বাড়ি ছেড়ে চলে যাবে।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকেরা শিশুটির দুটো অস্ত্রোপচার করেন ২০১৫ ও ২০১৮ সালে। প্রথমবার ছেলেদের যৌনাঙ্গ স্বাভাবিক আকৃতির করা হয়। দ্বিতীয়বার মেয়েটির যোনিপথ বন্ধ করে দেওয়া হয়, যাতে প্রস্রাব ছেলেদের যৌনাঙ্গ দিয়ে আসে।

কিন্তু কিছুদিন পর বন্ধ করা অংশে সংক্রমণ সৃষ্টি হয়। চিকিৎসকেরা আশা করছেন, আবার অস্ত্রোপচারের মাধ্যমে সব ঠিক হয়ে যাবে।

শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ‘ওর (শিশুটির) অনুভূতি ও স্বাভাবিক কাজকর্ম সবই এখন ছেলেদের মতো হতে শুরু করেছে। প্রস্রাব ছাড়া আর অন্য সমস্যাগুলো হচ্ছে না। এখন স্কুলে যাওয়া–আসা করে। এবার জেএসসি দিল। এখন ও খুশি, আমরাও খুশি অনেক।’

শিশু সার্জারির বিভাগীয় প্রধান এ কে এম জাহিদ হোসেন বলেন, সংগঠিতভাবে এবং আরও বেশি মানুষকে এই চিকিৎসা সুবিধার আওতায় আনতে ডিএসডি বহির্বিভাগ ক্লিনিক চালু হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষা–নিরীক্ষার করার পর শিশু ও তার মা–বাবাকে কাউন্সেলিং করা হয়। এরপর অভিভাবক অনুমতি দিলে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসক জাহিদ বলেন, ‘পিতামাতা যাঁরা আসেন, তাঁদের শিশুদের ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন দেখায়। অনেকেই চিকিৎসা করতে চায়, আসে। আমাদের সীমাবদ্ধতা, সবাইকে একসঙ্গে সিট দিতে পারি না। অনেকে একবার দেখিয়ে চলে যায়, পরে আর আসে না’, বলেন এ কে এম জাহিদ হোসেন।

হাসপাতালটিতে চিকিৎসার জন্য ফ্রি বেডে আসন ফাঁকা থাকলে তখন খরচ যা হয় শুধু পরীক্ষা–নিরীক্ষায়।

কীভাবে হয় ডিএসডি

বিএসএমএমইউর শিশু সার্জারি বিভাগের প্রধান এ কে এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এগুলো (ডিএসডি) জন্মগত সমস্যা। সমস্যাটা শুরু হয় যখন বাচ্চাদের ভেতরে অ্যান্ড্রোজেন হরমোন নিঃসরণ হয়। বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন সিনথেসিস (সংশ্লেষণ) করতে সমস্যা হলে এক্সটার্নাল ও ইন্টার্নাল যৌনাঙ্গের মধ্যে এগুলো যথাযথভাবে ডেভেলপড হয় না।’

একই বিভাগে দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার করছেন কনসালট্যান্ট সার্জন মো. নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, লিঙ্গ বিকাশজনিত ত্রুটি নানা ধরনের হয়। প্রথমত, মেয়ের ক্রোমোজোম হলেও লিঙ্গ অস্পষ্ট বা যোনিপথ বন্ধ থাকতে পারে। অর্থাৎ জরায়ু, ডিম্বাণু স্বাভাবিক থাকে।

দ্বিতীয়ত, অনেকে ছেলের ক্রোমোজোম বহনকারী হলেও মেয়ের লিঙ্গ থাকে বা অণ্ডকোষ পেটের মধ্যে থাকে বা লিঙ্গ অস্পষ্ট থাকে। জরায়ু কখনো থাকে, আবার না–ও থাকতে পারে।

তৃতীয়ত, অনেকের একটি ক্রোমোজোম কমবেশি থাকে। তাদের জননাঙ্গ স্বাভাবিক মেয়ে অথবা ছেলেদের মতো থাকে। কিন্তু বয়ঃসন্ধিকালে তাদের লিঙ্গ বৈশিষ্ট্যের বিকাশ হয় না। মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হয় না।

চতুর্থত, বহিঃজননাঙ্গবিশিষ্ট মেয়ে কিন্তু জরায়ু নেই বা অসম্পূর্ণ, আবার ডিম্বাণু আছে।
পঞ্চমত, অনেকে আবার ছেলে ও মেয়ের সমন্বিত বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ ডিম্বাশয়ের পাশাপাশি শুক্রাশয় বা অণ্ডকোষ থাকে। আর বহিঃজননাঙ্গ ছেলে বা মেয়ে, কিংবা ছেলেমেয়ের মিশ্র বৈশিষ্ট্যের হয়।

অণ্ডকোষের অনুপস্থিতি, অস্বাভাবিক বহিঃলিঙ্গ, খুব ছোট পুরুষ লিঙ্গ, লম্বা ভগাঙ্কুর, জন্মের পরপর অস্বাভাবিক বমি ইত্যাদি থাকলে জন্মের পরই শিশুদের ডিএসডি শনাক্ত করা সম্ভব বলে জানান চিকিৎসক নজরুল।

আর বয়ঃসন্ধিকালে লিঙ্গের স্বাভাবিক পরিবর্তন ও অন্যান্য বৈশিষ্ট্যের স্বাভাবিক বিকাশ না হলেও বোঝা যায়। যেমন মেয়ে ভেবে পরবর্তী সময়ে স্তনের গঠন ও মাসিক না হওয়া, কণ্ঠস্বরের অস্বাভাবিক পরিবর্তন, দাড়িগোঁফ গজানো ইত্যাদি। ছেলে ভেবে পরবর্তী সময়ে পুরুষাঙ্গ বড় না হওয়া, দাড়িগোঁফ না গজানো, কণ্ঠস্বর এবং পেশির স্বাভাবিক পরিবর্তন না হওয়া ইত্যাদি।

চিকিৎসা হয় যেভাবে

শুরুতেই রোগীর জেন্ডার ঠিক করতে হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শরীরের বাইরের বৈশিষ্ট্য, ভেতরের বৈশিষ্ট্য দেখে শিশুটির লিঙ্গ নির্ধারিত হয়। শিশুবিষয়ক সার্জন, এনডোকাইনোলজিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, সমাজকর্মীদের নিয়ে বোর্ডটি গঠিত হয়।

নজরুল ইসলাম বলেন, ‘কারও শুধু হরমোনজনিত সমস্যা থাকে। যার যখন যে হরমোন দরকার, তা দিতে হয়। কারও বাহ্যিক বৈশিষ্ট্য ঠিকমতো তৈরি হয় না। সেটা পুনর্গঠন করতে হয়। কারও ক্ষেত্রে দুটি অস্ত্রোপচার লাগে, কারও একটা লাগে।’

অনেকের আবার অস্ত্রোপচার ও হরমোন দুটোই নিতে হয়। কখনো হরমোন নিতে হয় ৪০ বছর বয়স পর্যন্ত।