আমার দেশ-এর চার সাংবাদিকের রিমান্ড চায় পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম-ঠিকানা জানতে দৈনিক আমার দেশ পত্রিকার পাঁচজন সাংবাদিক-কর্মচারীকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। দুই বছর আগে তেজগাঁও থানায় করা একটি মামলার আসামি হিসেবে তাঁদের রিমান্ডের আবেদন জানানো হয়।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব হাসান গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। তবে আদালত এ ব্যাপারে কোনো আদেশ দেননি। এর প্রতিবাদ জানাতে গতকাল বিকেলে আমার দেশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে, তাঁরা সবাই পেশাদার সাংবাদিক। তাঁদের রিমান্ডে আনার আবেদন করা মহাজোট সরকারের দলন-নিপীড়নের আরেকটি নিকৃষ্ট উদাহরণ। ২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ওই দিনই একটি মামলা দায়ের করে তেজগাঁও থানার পুলিশ। মামলায় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারী সাইফুল ইসলামের নাম এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা চার শতাধিক সাংবাদিক-কর্মচারীকে আসামি করা হয়। এই মামলার পরপরই এজাহারভুক্ত সবাই উচ্চ আদালত থেকে জামিন নেন। নিম্ন আদালতেও নিয়মিত হাজিরা দিয়ে আসছেন তাঁরা। হঠাৎ করে ভারপ্রাপ্ত সম্পাদক ছাড়া পাঁচ সাংবাদিক-কর্মচারীর জামিন বাতিলের আবেদন জানিয়ে এক দিনের রিমান্ড চাওয়া হলো। আবেদনে বলা হয়, আসামিদের নাম ও ঠিকানা যাচাই করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।মাহমুদুর রহমান বলেন, জামিন নেওয়ার পর দুই বছরে আমার দেশ-এর সাংবাদিক-কর্মচারীরা কমপক্ষে ২০-২৫ বার হাজিরা দিয়েছেন। তার পরও শুধু নাম-ঠিকানা জানতে রিমান্ডে নেওয়ার ঘটনা নজিরবিহীন। তিনি বলেন, আমার দেশ-এর ৪০০ সাংবাদিক ও কর্মচারীই আজ আদালতে যাবেন। সরকার চাইলে সবাইকে জেলে পাঠাতে পারবে। দুই বছর পরে কেন পেশাদার সাংবাদিকদের রিমান্ডে আনতে হবে? জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আইন অনুসারেই তাঁদের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডে এনে তাঁদের নাম-ঠিকানা যাচাই করা হবে।