আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপিতে কথোপকথন নিয়ে প্রতিবেদন ছাপিয়ে বিচারকে বাধাগ্রস্ত করার অভিযোগে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।এদিকে বিএনপি-জামায়াতে ইসলামীর সমর্থিত আইনজীবীরা সংবাদ সম্মেলনে বিচারপতি নিজামুল হকের পদত্যাগ দাবি করেছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, ৯ ও ১০ ডিসেম্বর আমার দেশ পত্রিকার শিরোনাম ও প্রতিবেদন কোনোভাবেই বিচারপ্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়। এখানে ট্রাইব্যুনালের বিচারককে উদ্দেশ্যমূলকভাবে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ট্রাইব্যুনালকে হেয়প্রতিপন্ন করতে ও বিচারকে বাধাগ্রস্ত করতে এ কাজ করা হয়েছে। যাঁরা এ কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে তিনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আরজি জানান।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, দি ইকোনমিস্ট-এর দুই সাংবাদিককে ট্রাইব্যুনালের কারণ দর্শানো নোটিশের পর আমার দেশ পত্রিকার কাজ একটি শাস্তিযোগ্য অপরাধ। তিনি এই কথোপকথন না ছাপানোর জন্য আমার দেশসহ সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার আরজি জানিয়ে বলেন, তথ্য মন্ত্রণালয়কে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে বলা যেতে পারে।ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।বিচারপতি নিজামুল হকের পদত্যাগ দাবি: এদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থিত আইনজীবী নেতারা গতকাল বাংলাদেশ বার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে বিচারপতি নিজামুল হকের পদত্যাগ দাবি করেন। সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, সম্প্রতি আমার দেশ পত্রিকায় প্রকাশিত ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সংলাপ থেকে এটা স্পষ্ট, বিচারপতি নিজামুল হক বিচারকের আচরণবিধি, সংবিধান এবং নৈতিকতার সব বিধানকে পদদলিত করেছেন। এ পরিস্থিতিতে তাঁর বিচারক পদে থাকার নৈতিক অধিকার নেই। অবিলম্বে বিচারপতি নিজামুল হককে পদত্যাগ করতে হবে, না হলে অসদাচরণের জন্য তাঁর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, গত দুই দিন আমার দেশ পত্রিকায় যে তথ্য বেরিয়েছে, তারপর এই ট্রাইব্যুনালের আর কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না। আদালত এবং বিচারকদের সম্মান ও মর্যাদা রক্ষার নৈতিক কারণেই নয়, সাংবিধানিক কারণেও বিচারপতি নিজামুল হকের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তা না হলে সরকারের উচিত হবে এই ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া।ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকও একই দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্য ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন ও গোলাম মোস্তফা খান।বার কাউন্সিলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলা হলেও বার কাউন্সিলের চেয়ারম্যান বা আওয়ামী লীগের সমর্থিত আইনজীবীদের কেউ এতে উপস্থিত ছিলেন না।