আমার দেশ পত্রিকা প্রকাশে বাধা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার দেশ পত্রিকা প্রকাশের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, অনুমতি ব্যতীত অন্য ছাপাখানা থেকে মুদ্রণ, প্রকাশ, বিতরণ, প্রদর্শন ও বিক্রি করার পরিপ্রেক্ষিতে রমনা থানায় মামলা করা হয় এবং এর পরিপ্রেক্ষিতে প্রকাশিত পত্রিকা জব্দ করে পুলিশ।

সরকারদলীয় সাংসদ বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এখন দেশে ৬৩টি অনলাইন পত্রিকা, ৩০টি অনলাইন টেলিভিশন ও ১৮টি অনলাইন রেডিও আছে। তিনি জানান, দেশে তিনটি সরকারি টেলিভিশন ও ২০টি বেসরকারি টেলিভিশন সম্প্রচারে আছে। এ ছাড়া তিনটি চ্যানেল পরীক্ষামূলক সম্প্রচারের অপেক্ষায় আছে। আর দুটি টেলিভিশন (দিগন্ত ও ইসলামিক টিভি) সাময়িক বন্ধ রাখা হয়েছে। সরকারদলীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, দেশে গ্যাসের সিস্টেম লস এখন ১ শতাংশের কম। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গৃহস্থালি খাতে গ্যাসের সংযোগসংখ্যা ২৩ লাখ। আর বিদ্যুৎ-সুবিধা পাচ্ছে দেশের ৬০ ভাগ মানুষ। তিনি জানান, দেশে বিদ্যুতের চাহিদা ছয় হাজার ৪০০ থেকে ছয় হাজার ৬০০ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদিত হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার ৪০০ মেগাওয়াট।