আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলায় সিপিজের উদ্বেগ
আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুর রহমান এবং প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের সঙ্গে প্রবাসী এক আইনজীবীর অনলাইন কথোপকথন ফাঁস হওয়ার পর তা প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। এরপর পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।সিপিজের এশিয়া অঞ্চলের সমন্বয়ক বব ডায়েত্জ বলেন, ‘আদালতের গ্রহণযোগ্যতা নির্ভর করে তাঁর কর্মকাণ্ডের মুক্ত ও অবাধ প্রকাশের ওপর। কাজেই আদালতের কর্মকাণ্ডের ওপর প্রশ্ন তোলায় সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ এনে মামলা করে কর্তৃপক্ষ বরং আদালতের উদ্দেশ্যকে খাটো করেছে।’সিপিজের বিবৃতিতে বলা হয়, মাহমুদুর রহমান আট দিন ধরে পত্রিকার কার্যালয় থেকে বের হচ্ছেন না। তিনি সিপিজেকে বলেন, ‘সরকার যদি আমাকে গ্রেপ্তার করতে চায়, তাহলে আমার কার্যালয় থেকেই করতে হবে।’ এ ছাড়া প্রকাশক হাসমত আলীও বাড়ি থেকে বের হচ্ছেন না বলে জানান মাহমুদুর রহমান।