আমার দেশের প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকেরা। গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে সম্পাদকেরা এ দাবি জানিয়ে বলেন, দৈনিক আমার দেশ-এর প্রকাশনা বাতিল এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে সম্পাদকেরা বলেন, সরকারের এ পদক্ষেপ স্বাধীনভাবে তথ্য ও মত প্রকাশের অধিকারের ওপর বড় ধরনের হুমকি। পত্রিকা বন্ধ করার এ সিদ্ধান্ত বহির্বিশ্বে বাংলাদেশের পরমতসহিষ্ণুতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক বার্তা পাঠাবে। স্বদেশে গণতন্ত্রচর্চা ও বিকাশের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হবে। পত্রিকাটির স্থায়ী ও খণ্ডকালীন ৭০০ সাংবাদিক-কর্মচারীকে কর্মহীন ও তাঁদের পরিবারকে দুর্দশায় ফেলবে।বিবৃতিতে সই করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফয়েজ আহমদ, আতাউস সামাদ, ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যায়যায়দিন-এর সাবেক সম্পাদক শফিক রেহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, যুগান্তর সম্পাদক সালমা ইসলাম, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, দিনকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।আইনজীবীর সংবাদ সম্মেলন: মাহমুদুর রহমানকে আইনি অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী নাসির উদ্দিন। তিনি গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, কারা কর্তৃপক্ষ মাহমুদুর রহমানকে মামলা পরিচালনার অনুমতিপত্র ও ওকালতনামায় সই করতে দিচ্ছে না। মাহমুদুর রহমানকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করায় উদ্বেগ প্রকাশ করেন তাঁর আইনজীবী।