বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী শওকত হোসেন নবনির্বাচিত মেয়র আহসান হাবিবের উদ্দেশে বলেন, ‘আপনার যা দুর্নীতি আছে আগে সেইসব দুর্নীতি প্রকাশ করুন। আমি ৩ নম্বরে। আপনার দলের সাংসদ মজিবর রহমান সরোয়ারের দুর্নীতি প্রকাশ করুন। তারপর আমার কথা বলেন।’
বরিশাল ক্লাব চত্বরে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় নির্বাচনোত্তর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নির্বাচনে পরাজয়ের কারণ উল্লেখ করে শওকত হোসেন বলেন, ‘সাধারণ মানুষ উন্নয়ন দেখে টেলিভিশনে ভোট দিয়েছেন। আমি সে জন্য কৃতজ্ঞ। আমার পরাজয়ের মূল কারণ দলের জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও তাঁর অনুসারীরা।’
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আবুল হাসানাতের বিরুদ্ধে স্লোগান দেন নেতা-কর্মীরা। মিছিলটি নগরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়।
নির্বাচন-পরবর্তী সহিংসতার কথা উল্লেখ করে শওকত হোসেন বলেন, ‘চার বছর সাত মাস বরিশালে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখেছি। এটাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। নির্বাচন যেতে না যেতেই শেখ হাসিনার ছবি ফেলে দিয়েছেন, নেতা-কর্মীদের মারধর করা হচ্ছে। ভবিষ্যতে কোনো নেতা-কর্মীর ওপর আঘাত এলে ১৮-দলীয় জোট নেতা-কর্মীদের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে আমার নেতা-কর্মীদের ওপর আঘাত এলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’