'আমার পরিবারের সংশ্লিষ্টতা নেই'

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনে অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা নেই। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই যে, মামলায় অভিযুক্তদের সঙ্গে আমার পরিবারের কোনো সদস্যের কখনোই কোনো রকম যোগাযোগ বা ব্যবসায়িক লেনদেন বা সম্পর্ক ছিল না।’
দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত এবং আমার পরিবারের সম্মানহানি করেছে।’
মায়া বলেন, ‘নারায়ণগঞ্জে সম্প্রতি কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত। সেই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘ঘটনা নিয়ে গঠিত বিভিন্ন সংস্থার তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত যেন কোনোভাবেই প্রভাবিত না হয়, সেজন্য আমি কোনো রকম মন্তব্য করা থেকে বিরত আছি। আমি বিশ্বাস করি, তদন্তে নিশ্চয়ই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’ তিনি সবাইকে প্রকৃত তথ্য জেনে মন্তব্য করার অনুরোধ জানান এবং এলোমেলো ও ভিত্তিহীন মন্তব্যের ফলে প্রকৃত অপরাধীরা যাতে আড়াল হতে না পারে, সেদিকেও সবার সজাগ দৃষ্টি কামনা করেন।
বিবৃতিতে প্রকৃত অপরাধীদের আইনানুগ শাস্তির প্রত্যাশা করেন মায়া।