আমার পাশে দাঁড়াও, হাতে হাত ধরে সুদিন ফিরিয়ে আনব: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ আবারও দলের নেতা-কর্মীদের তাঁর পাশে দাঁড়াতে বলেছেন। তিনি বলেন, ‘আমি প্রতিটি নেতা-কর্মীকে আহ্বান জানাব, আমার পাশে দাঁড়াও। যাত্রা শুরু হয়েছে বন্ধুর পথের। হাতে হাত ধরে এই বন্ধুর পথ অতিক্রম করে আবার সুদিন ফিরিয়ে আনব।’
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে নিজের ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে এরশাদ এ আহ্বান জানান।
এর আগে ১২ ফেব্রুয়ারি দলের এক মতবিনিময় সভায় জাপার মন্ত্রী-সাংসদদের ‘আস্তাকুঁড়ে’ নিক্ষিপ্ত হওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন এরশাদ। কিন্তু তাঁর ওই আহ্বানে সাড়া মেলেনি। গতকাল জাপার কেন্দ্রীয় কমিটি আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানেও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ দলের মন্ত্রী-সাংসদদের দেখা যায়নি।
৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জাপার ওপর বয়ে যাওয়া ঝড়ের পর তাঁর জন্মদিন আয়োজনে নেতা-কর্মীদের উদ্দীপনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালাকে বাদ।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, কর্মীদের মনে আশঙ্কা আছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সে জন্য মনে হয় দ্বিগুণ উৎসাহে তারা আজকের দিনটি উদ্যাপন করছে। এর ভেতর দিয়ে কর্মীরা প্রমাণ করেছে, তারা আমার পাশে আছে।’
এর আগে দলের নেতা-কর্মীরা এরশাদকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে তিনি কেক কাটেন। এরশাদ বলেন, ‘একেকটা জন্মদিন আমাকে মৃত্যুর কাছে নিয়ে যায়।’