আমার প্রাণের দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি গার্ডনার
কেটি গার্ডনার

বাংলাদেশে আমি প্রথমবার আসি ১৯৮৭ সালে। একজন তরুণ শিক্ষার্থী হিসেবে তখন আমি এমন একটি অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, যা ছিল জীবন বদলে দেওয়ার মতো। সামাজিক নৃবিজ্ঞানে সবে পিএইচডি শুরু করেছি। গবেষণা করছি গ্রামীণ সিলেটের ওপর অভিবাসন ও বিশ্বায়নের প্রভাব নিয়ে। আমার পরিকল্পনা ছিল স্থানীয়ভাবে যেসব গ্রাম ‘লন্ডনি গ্রাম’ নামে পরিচিত, তেমন একটি গ্রামে থাকা, সেখানকার ভাষা শেখা এবং যতটা পারি গ্রামের সাধারণ জীবনযাপনের সঙ্গে মিশে যাওয়া, যাতে এ অঞ্চল থেকে যুক্তরাজ্যে অভিবাসনের প্রভাবের মাত্রা আমি উপলব্ধি করতে পারি। নৃবিজ্ঞানীরা যাকে ক্ষেত্রসমীক্ষা বলে থাকেন, সেই ক্ষেত্রসমীক্ষা শেষ করার পর আমি লন্ডনে ফিরে যাব, আমার গবেষণায় যা পেয়েছি তার ওপর ভিত্তি করে অভিসন্দর্ভ লিখব, এ-ই ছিল কথা। আমি ভারতেও ঘুরেছি, কিন্তু বাংলাদেশ হয়ে উঠল আমার কাছে একটি আবিষ্কার। মনোমুগ্ধকর সবুজ গ্রাম ও তার অনির্বচনীয় প্রশান্ত সৌন্দর্য আমাকে ক্রমাগত আকর্ষণ করেছে। নীলকান্তমনির মতো দিগন্তজোড়া ধানের খেত, ঋতু পরিবর্তনের সঙ্গে যার রং পরিবর্তিত হয়ে সোনালি রং ধারণ করে; খাল থেকে সন্তর্পণে উঠে আসা সারস; বিন্দুসদৃশ অসংখ্য ছোট ছোট ডিঙি এবং পালতোলা নৌকাসমেত মেঘনার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য আমাকে অভিভূত করে রাখে।

কিন্তু যে গ্রামের মাধ্যমে আমি বাংলাদেশের প্রেমে পড়েছিলাম, সেটি হলো নবীগঞ্জের একটি গ্রাম, যে গ্রামটিকে আমি আমার লেখায় উল্লেখ করেছি তালুকপুর বলে। তালুকপুরে আমি ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রায় ষোলো মাস থেকেছি। সেখানে আমি যে পরিবারটির সঙ্গে ছিলাম, তারা আমাকে প্রথম দিন থেকে মেয়ের মতো মনে করত। সেই পরিবার থেকে আমি শুধু অভিবাসন ও সামাজিক পরিবর্তন সম্পর্কেই শিখিনি, তাদের কাছ থেকে শিখেছি কীভাবে মানুষ হওয়া যায়। শিখেছি কীভাবে আমরা বিভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের কাঠামোয় সীমায়িত, আবার একই সঙ্গে কীভাবে আমরা—নিরাপত্তার প্রয়োজনীয়তা, বিভিন্ন লক্ষ এবং শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধনের মতো—একই মৌলিক উদ্বেগে আবদ্ধ।

পালতোলা নৌকাসমেত মেঘনার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য আমাকে অভিভূত করে রাখে
পালতোলা নৌকাসমেত মেঘনার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য আমাকে অভিভূত করে রাখে

১৯৮৭ সালে লন্ডনি অভিবাসনের চিহ্ন তালুকপুর এবং এর আশপাশের সব জায়গায় দেখা যেত। সফল অভিবাসনকারীদের পরিবারগুলো শুধু জাঁকজমকপূর্ণ পাকা বাড়িই বানায়নি, তারা অনেক জমিও করেছিল। ক্ষেত্রবিশেষে তাদের কেউ কেউ নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানও পরিবর্তন করেছিল। তারা মসজিদ তৈরি করেছিল, তাদের বাড়িগুলো ছিল ইটের দেয়াল দিয়ে ঘেরা। এ ছাড়াও কখনো কখনো তাদের বাড়ির ওপরে উড়োজাহাজের মূর্তি বসানো থাকত। যেসব গ্রাম থেকে কেউ অভিবাসন করেনি, সেসব গ্রাম থেকে এসব অভিবাসনকারী গ্রামের পার্থক্য ছিল বিপুল। দেশের সম্পদশালী এ অঞ্চলের মধ্যে ক্রমেই লন্ডনি এবং অলন্ডনিদের মধ্যে বিভাজন তৈরি হতে শুরু করে।
১৯৮০-র দশক ছিল পারিবারিক পুনর্মিলনীর সময়। যুক্তরাজ্যের অভিবাসন আইন পরিবর্তনের ফলে এবং যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান অভিবাসনের ফলে যেসব মানুষ ১৯৬০ এবং ’৭০-এর দশক থেকে যুক্তরাজ্যে কাজ করত কিন্তু যাদের স্ত্রী ও সন্তানসন্ততিরা দেশে থাকত, তারা তাদের স্ত্রী ও সন্তানসন্ততিদের যুক্তরাজ্যে নিয়ে আসার জন্য ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে আবেদন করা শুরু করে। এটা অস্বাভাবিক ভাবাটা মোটেই আশ্চর্যের কিছু ছিল না যে, একজন পশ্চিমা তরুণি গ্রামে গ্রামে ঘুরে অভিবাসন সম্পর্কে প্রশ্ন করছে। দ্রুতই গুজব ছড়িয়ে পড়ল, আমি ব্রিটিশ হাইকমিশনের একজন গোয়েন্দা। একমাত্র যে উপায়ে আমি এ ভুল ভাঙতে পেরেছিলাম, তা হলো, আমি কিছুদিন সব কাজকর্ম থেকে বিরতি নিই, সিলেটি বলতে শুরু করি এবং বাংলাদেশে যে পরিবারটির সঙ্গে আমি থাকতাম, তাদের কথা অনুযায়ী চলাফেরা করি। আমি শাড়ি পরতে শিখি। আমি শিখে গেলাম, যতক্ষণ আমি অনাত্মীয় কোনো পুরুষের সামনে এবং আজানের সময় মাথায় কাপড় না দেব, ততক্ষণ পর্যন্ত আমার আচরণ প্রকৃত বাঙালি নারীর মতো বলে মোটেই গণ্য হবে না। এসবের মধ্যে আমার চলে যাওয়ার সময় হলো। আমার হাতেও ততদিনে অভিসন্দর্ভের জন্য অনেক রসদ জমেছে। পরে গ্লোবাল মাইগ্র্যান্টস, লোকাল লাইভস: ট্রাভেল অ্যান্ড ট্রান্সফর্মেশন ইন রুরাল বাংলাদেশ নামে এ বিষয়ে একটি বই প্রকাশ করেছি।

আমি খাঁটি সিলেটি উপভাষায় কথা বলেছি এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের নানা দিক আবিষ্কার করেছি। শুধু তা-ই নয়, এসবের মধ্য দিয়ে নিজের সম্পর্কেও আমি বহু কিছু আবিষ্কার করেছি। এ অভিজ্ঞতার বিবরণ আমি আমার আরেকটি বই সংস অ্যাট দ্য রিভারস এজ: স্টোরিজ ফ্রম আ বাংলাদেশি ভিলেজ-এ দিয়েছি।

এরপর থেকে আমার অনেকবার বাংলাদেশে আসা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। অনেক ইতিবাচক বিষয়ও তার মধ্যে রয়েছে: বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, মোটের ওপর যে নারীদের ভাগ্যোন্নয়ন ঘটেছে—তারও তথ্য-প্রমাণ মিলেছে। সামরিক স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উন্মেষ হয়েছে। আগে যেখানে গ্রামে যেতে ১২ ঘণ্টা লাগত, এখন সেখানে লাগে ছয় ঘণ্টা। নতুন নতুন সেতু ও হাইওয়ে সিলেটের সঙ্গে ঢাকার দূরত্ব কমিয়ে এনেছে। ছোট্ট মনোমুগ্ধকর শহর থেকে সিলেট এখন উপচে পড়া ব্যস্ত মহানগরে পরিণত হয়েছে। তালুকপুর ও এর আশপাশের এলাকা দ্রুত বদলে গেছে। বিশেষ করে বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট হওয়ার পর এলাকাটি দ্রুত পরিবর্তিত হতে থাকে। আমার সম্প্রতি প্রকাশিত একটি বই ডিসকরডান্ট ডেভেলপমেন্ট: গ্লোবাল ক্যাপিটালিজম অ্যান্ড দ্য স্ট্রাগল ফর কানেকশন ইন বাংলাদেশ-এ এই অঞ্চলের ওপর বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের প্রভাব আলোচনা করেছি।

কিছু পরিবর্তন খারাপও হয়েছে। এর অন্যতম প্রধান উদাহরণ ঢাকা শহরে যানজট। এটি অসহনীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। গাড়ি যেমন বেড়েছে, সেই একই মাত্রায় রাজনৈতিক বিশৃঙ্খলাও বেড়ে চলেছে। অধিকার, জবাবদিহিতা ও দুর্নীতির প্রশ্ন এখনো অমীমাংসিত। সাধারণ মানুষ, যারা শুধু রুটিরুজির জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা যে কী পরিমাণ ঝুঁকি ও শোষণের শিকার, রানা প্লাজার মর্মান্তিক ধ্বংসযজ্ঞ আমাদের তা মনে করিয়ে দেয়।

তার পরও যত দীর্ঘ সময়ই আমাকে যানজটে বসে থাকতে হোক না কেন, যত বেশি সংখ্যাতেই হরতাল ডাকা হোক না কেন, বাংলাদেশ সব সময়ই আমার কাছে দ্বিতীয় এবং অতি প্রাণের স্বদেশ। আমি কৃতজ্ঞ যে আমি এ দেশটিকে ভালোভাবে জানার সুযোগ পেয়েছি।

ইংরেজি থেকে অনূদিত