আমার বিরুদ্ধে কূটকৌশল প্রয়োগ হচ্ছে: আনিসুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে নানা সময়ে নানা কূটকৌশল প্রয়োগ করা হয়েছে। অপপ্রচার করা হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা যেমন আগেও বিভ্রান্ত হননি, আগামীতেও বিভ্রান্ত হবেন না।’
গতকাল রোববার মিরপুর মাজার রোডে ১০ নম্বর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আনিসুল হক এসব কথা বলেন। আমরা ঢাকার আয়োজনে ভবিষ্যতের ঢাকা কেমন হবে তার একটি রূপকল্পের মডেল মিলনায়তনের মধ্যে উপস্থাপন করা হয়। এতে ভবিষ্যতের ঢাকার ফরমালিনমুক্ত বাজার, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পার্ক, ওয়াইফাই জোন, সাইকেল জোনসহ সবুজ আবাসিক এলাকার মডেল তুলে ধরা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ঢাকা উত্তরের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচন সমন্বয়কারী ফারুক খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘অনুষ্ঠান শুরু হয়েছে আধা ঘণ্টা দেরিতে। মেয়র হলে আপনি কীভাবে সময়মতো কাজ করবেন, এ নিশ্চয়তা কীভাবে পাব’—জবাবে আনিসুল হক বলেন, ‘কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে অনুরোধ করেন, তাঁদের গণভবনের একটি অনুষ্ঠান থেকে আসতে দেরি হবে। তাই তাঁদের জন্যই আমরা দেরিতে শুরু করলাম।’
নির্বাচনে জয়ী না হলে কী করবেন—এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘যিনি জয়ী হবেন তাঁকে ফুল দিয়ে বরণ করব। তাঁকে একটি সুন্দর ঢাকা নির্মাণে সহায়তা করব।’ এর আগে বেলা ১১টায় আনিসুল হকের সমর্থনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে মহাখালী বাস টার্মিনালে সভা হয়। সভায় তিনি বক্তব্য দেন। সংগঠনটির আহ্বায়ক খন্দকার এনায়েতউল্লাহর সভাপতিত্বে সভায় কয়েক হাজার শ্রমিক অংশ নেন।
দুপুর ১২টার দিকে মহাখালী থেকে বের হওয়া গাড়িবহরের কারণে সেখানকার সড়কে যানজটের সৃষ্টি হয়। আনিসুল হক একটি খোলা ট্রাকে করে ওই বহরে ছিলেন।