গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা আর ভিন্নমতের প্রতি শ্রদ্ধার কথা বলতে গিয়ে তাঁর নিজের মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। তিনি গতকাল সোমবার বেলা দুইটার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন।
এরপরও সব ‘রক্তচক্ষুকে’ উপেক্ষা করে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘এ বছরের প্রথম তিন মাসেই দেশে প্রায় এক হাজারের কাছাকাছি মানুষ খুন হয়েছে। কেউ কি বলতে পারবেন যে এর একটি ঘটনারও বিচার হয়েছে? কেন, এ দেশে প্রধানমন্ত্রীর সন্তান না হলে কি কেউ বিচার পাবে না? তনুর বাবা চতুর্থ শ্রেণির কর্মচারী বলে কি তাঁর বিচার পাওয়ার অধিকার নেই?’
আগের দিন রোববার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে ইমরান এইচ সরকার গতকাল এই বক্তব্য দেন। জয় তাঁর স্ট্যাটাসে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ইমরানকে সরকারের কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। ইমরানকে ‘সুবিধাবাদী’ ও ‘মিথ্যাবাদী’ বলেও মন্তব্য করা হয়েছিল ওই স্ট্যাটাসে।
গতকাল ফেসবুক পেজে ইমরান এইচ সরকার তাঁর আগের স্ট্যাটাসে দেশে চলমান খুন-ধর্ষণের বিচার নিয়েও বলেছিলেন বলে উল্লেখ করে বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা আর ভিন্নমতের প্রতি শ্রদ্ধার কথা বলতে গিয়ে সম্ভবত আমার নিজের মতপ্রকাশের স্বাধীনতাই আজ হুমকির মুখে। কী ভয়াবহ ব্যাপার! আমি আমার স্ট্যাটাসে পরিষ্কার লিখেছি, আমি শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে একমত নই। এমনকি আমি স্ট্যাটাসের কোথাও তাঁর মুক্তির কথাও বলিনি। তাতেই যেভাবে আক্রমণ হচ্ছে, খুব সহজেই অনুমান করা যায় ভিন্নমতের প্রতি সমাজে কতটুকু শ্রদ্ধা বিদ্যমান। এ দেশে খুব গৎবাঁধা কিছু কথা বলা হয়। একটা খুনের বিচার চাইতে গেলেই কেউ কেউ বলে “অমুক এটা করত” আপনি খুনের বিচার চেয়ে তার সেই কাজকে সমর্থন করলেন! কারও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বললেও একই প্রশ্ন। কারও সঙ্গে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেও যে তার অধিকারের জন্য লড়াই করা যায়, সরল এই বিষয়টি সমাজ থেকে একদম হারিয়ে যাচ্ছে। কোনো খুনের বিরুদ্ধে কিংবা কারও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো মানে যে তার বক্তব্যের সঙ্গে একমত হওয়া নয়, এই বোধটুকুও আমরা হারিয়ে ফেলছি।’
ইমরান বলেন, ‘আমাদের এ দেশের সাধারণ নাগরিকদের সম্ভবত আরেকটু সজাগ হওয়ার দরকার আছে। আমি দেখতে পাচ্ছি, প্রতিপক্ষের প্রতি যেকোনো অবিচার হলে আমরা প্রত্যেকে হাততালি দিই। আর এটাই কিন্তু আমার, আপনার সবার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। দেখানো হচ্ছে দেখো, একে গ্রেপ্তার, হত্যা, গুম করলে কিংবা শক্তি প্রয়োগ করে মুখ বন্ধ করিয়ে দিলে কত মানুষ খুশি হয়, তাই আমরা যা করেছি ঠিক করেছি। একবার ভেবে দেখুন, আমার/আপনার হাততালি আমার/ আপনার বিরুদ্ধেই ব্যবহার হলো! আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটা অন্যায়গুলো এভাবেই প্রতিপক্ষের হাততালির আড়ালে স্বীকৃত করে নেওয়া হচ্ছে। ফলস্বরূপ আমরা সকলেই অনিরাপদ হয়ে যাচ্ছি। যখন দেখতে পাচ্ছি, নানাভাবে একের পর এক মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে এবং সেগুলো বিভিন্ন উপায়ে জাস্টিফাই করা হচ্ছে, তখন জেনে গেছি এই দানব আসলে আমার দিকেই আসছে; আমাদের সবার দিকেই আসছে! তাই আমরা যদি পক্ষ-বিপক্ষ ভুলে এই দানবীয় শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আমাদের বাকরুদ্ধ রেখে রিজার্ভ লুটের মতো সবকিছু লুট হতে থাকবে, আমাদের কিছুই করার থাকবে না।’