আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মেয়ে আত্মহত্যা করার মতো মেয়ে নয়। এখানে কোনো চক্রান্ত আছে। ছোটবেলা থেকেই সে খুব শান্ত স্বভাবের ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। তার এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।’ এই বলে কান্নায় ভেঙে পড়েন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের মেধাবী ছাত্রী সাইমা সুলতানা এ্যানীর মা বিলকিস রহমান।গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর গ্রামের বাড়িতে এভাবেই প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানান বিলকিস। তিনি বলেন, ‘আমার মেয়ের হত্যার রহস্য আমি বেঁচে থেকেই জানতে চাই। এ্যানী আত্মহত্যা করেছে, আমি তা বিশ্বাস করি না।’এ্যানীর বাবা মোখলেসুর রহমান বলেন, ‘আমার মেয়ে সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকত। ছোটবেলা থেকে তাঁর ইচ্ছা ছিল শিক্ষক হবে। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।’ এ্যানীর বড় বোন মাকসুদা সুলতানা বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি। এ্যানী আত্মহত্যা করেছে, তা আমি বিশ্বাস করি না।’গতকাল ত্রিশালের বীররামপুর গ্রামে এ্যানীর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। তাঁদের কেউ সান্ত্বনা দিতে পারছিলেন না। গত রোববার রাতে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাড়া করা সুনু মিয়া কমপ্লেক্সের ছাত্রীনিবাস থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এ্যানীর লাশ উদ্ধার করা হয়। এ্যানীর মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে পড়েন তাঁর সহপাঠীরা। মৃত্যুর পর থেকে গতকাল পর্যন্ত ছাত্রীনিবাসের অনেক ছাত্রী আতঙ্কে তাঁদের কক্ষেও ঢোকেননি। এ্যানীর আত্মহত্যার সঠিক কারণ উদ্ঘাটন করে বিচারের দাবি জানান তাঁর সহপাঠীরা। এ্যানীর শিক্ষক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমি খুব দুঃখিত। কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না আমার প্রিয় এ ছাত্রীটির এভাবে চলে যাওয়া।’এ্যানীর বান্ধবী মুমু আবেগাপ্লুত হয়ে বলেন, ‘সিলেটের জিন্দাবাজার থেকে পয়লা বৈশাখে পরতে লাল পাড়ের শাড়ি, চুড়ি আর গয়না কিনেছিলাম আমি আর এ্যানী। বৈশাখের উৎসবে ও থাকবে না ভাবতেই পারছি না।’ তিনি বলেন, ‘রোববার আমাদের এক বান্ধবীর জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। আমরা কেউ টেরও পেলাম না যে ওই সময় ও বাথরুমে কষ্টে কাতরাচ্ছিল।’ তাঁর সঙ্গে অপর বান্ধবী রেখা, মুক্তা সবাই কেঁদে এ্যানীর স্মৃতিচারণা করেন। গতকাল পর্যন্ত এ্যানীর মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, প্রাথমিক তদন্তে জানা যায় এটি একটি আত্মহত্যা। আত্মহত্যার আগে মুঠোফোনে এক ছেলের সঙ্গে এ্যানীর কথা হয়। পুলিশ এখন ওই ছেলের ব্যাপারে অনুসন্ধান করছে।