‘আমার যে কীভাবে দিন যায় আমিই জানি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমারত হোসেন
ছবি: প্রথম আলো

সত্তরোর্ধ্ব ইমারত হোসেন পুলিশ স্টাফ কলেজ মিলনায়তনের সামনের সারিতেই বসেন আজ মঙ্গলবার। আশপাশে তাঁর মেয়ে পুলিশ কর্মকর্তা ইসরাত জাহানের সহকর্মী, মঞ্চে ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পোশাক পরিহিত এত এত মানুষের মধ্যে নিজের মেয়েটি নেই ভেবে হঠাৎ ডুকরে কেঁদে ওঠেন ইমারত হোসেন।

ইসরাত জাহানসহ দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো পুলিশ সদস্যদের আজ স্মরণ করেছেন সবাই মিলে। দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের স্মরণে প্রতিবছরের ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করে বাংলাদেশ পুলিশ।

১১ এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার ইসরাত গত বছরের ২১ জানুয়ারি করোনা–পরবর্তী জটিলতায় মারা যান। সেরে উঠে কাজে যোগ দিয়েছিলেন, তারপর আবারও অসুস্থ হয়ে পড়েন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ছিলেন ইসরাত। বাবা জানালেন, স্নাতক পরীক্ষায় অংশ নিয়েই বিসিএস পরীক্ষা দিয়েছিলেন। প্রথমবারেই পাস।

ইমারত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার যে কীভাবে দিন যায়, আমিই জানি। আমার বড় মেয়ে। খুব আদরের মেয়ে।’ তিনি আরও বলছিলেন, এত ব্যস্ত পুলিশি জীবনের ফাঁকে ইসরাতের একটাই কাজ ছিল, বয়স্ক বাবা-মাকে দেখে রাখা। সেলুনে গিয়ে চুল কাটলে করোনা হবে এই আশঙ্কায় প্রতি সপ্তাহে ইসরাত নিজেই আমার চুল কেটে দিত। বাসা থেকে বের হতে দিত না।

গত বছর ৩৪৬ জন পুলিশ সদস্য নানাভাবে মারা গেছেন। তাঁদের মধ্যে ১৩৮ জন মারা গেছেন কর্তব্যরত অবস্থায়। তাঁদের স্মরণে এবারও দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে এসব পুলিশ সদস্যের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে কিছু অনুদানও।

২০২১ সালে কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া ১৩৮ জন পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার একজন, ইন্সপেক্টর ১০ জন, সাবইন্সপেক্টর ২৩ জন, সার্জেন্ট একজন, এএসআই ১৯ জন নায়েক দুজন ও কনস্টেবল ৮১ জন রয়েছেন।

সুনিতা রানী রায়
ছবি: প্রথম আলো

পুলিশ স্টাফ কলেজে আজ স্বজনহারানো সাতটি পরিবার হাজির হয়েছিল। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকেই দিশেহারা। মিলনায়তনে উপস্থিত কনস্টেবল রবীন্দ্রনাথ রায়ের স্ত্রী সুনিতা রানী রায় পুরো সময় হাত জোড় করে প্রার্থনা করছিলেন। কাঁদছিলেন অন্যরাও।

পুলিশ পরিদর্শক মোহা. ইব্রাহীমের স্ত্রী শিরিন আক্তার পারভীন বললেন, তিনি অথই সাগরে পড়েছেন। তাঁর দরকার একটি চাকরি।

ঢাকার বাইরে রেঞ্জ অফিস এবং জেলা পর্যায়েও আজ একযোগে নিহত সহকর্মীদের স্মরণ করেছেন পুলিশ সদস্যরা।

শিরিন আক্তার পারভীন
ছবি: প্রথম আলো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

জ্যেষ্ঠ সচিব বলেন, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষার মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করে থাকে। এ কাজগুলো বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।

এগুলো ঠিকমতো বাস্তবায়ন না হলে সমাজে মারাত্মক বিশৃঙ্খলা ঘটে, উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, ‘পুলিশের ছোটখাটো কোনো ঘটনা ঘটলে আমরা তা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি। তার চেয়ে আমরা এমন ভাবতে পারি যে পুলিশ জেগে থাকে বলেই রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। পুলিশকে সব সময় সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। ছোটখাটো ভুল হলে আমরা তা সংশোধনের জন্য পরামর্শ দিতে পারি।’

আখতার হোসেন পুলিশসহ মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের নৈমিত্তিক কাজের সঙ্গে শুধু একটি দিন ইউনিয়ন কাউন্সিলে বসে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসাধারণের সঙ্গে বসার পরামর্শ দেন। গ্রামের বেকার যুবক বা নানাভাবে ক্ষতিগ্রস্ত মানুষ পরামর্শ ও প্রশিক্ষণ পেলে আর অন্ধকারে থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে এসব পুলিশ সদস্যের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে কিছু অনুদানও
ছবি: প্রথম আলো

পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, কর্তব্য পালনরত অবস্থায় মৃত্যু হলে পুলিশ কর্মকর্তারা ৫ লাখ টাকা করে পেতেন। অন্যান্য সরকারি কর্মকর্তারা পেতেন ৮ লাখ টাকা। পুলিশ সদস্যদের হাতে এই ৫ লাখ টাকা পুলিশি ব্যবস্থাপনাতেই তুলে দেওয়া হতো। কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধির পর এটি বিতরণের দায়িত্ব জেলা প্রশাসকদের হাতে দেওয়া হয়। তাঁরা নানান কাজে ব্যস্ত থাকায় নিয়মিত টাকাগুলো হস্তান্তর করা হচ্ছে না।

আইজিপি আগের মতোই পুলিশ বাহিনীর হাতে এই দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন।
আইজিপি বলেন, পেশাগত কারণে পুলিশ শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, কিডনি, ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পুলিশ হাসপাতালে এখন এক ক্যানসার ছাড়া সব রোগের চিকিৎসা হচ্ছে। বিভাগীয় পর্যায়েও হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এর আগের মেয়াদে পুলিশ কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা দিয়েছিলেন। এই ট্রাস্ট থেকে ১৭ বছরে ৫২ কোটি টাকা অসুস্থ পুলিশ সদস্যদের দেওয়া হয়েছে। এ বছরও পৌনে ২ কোটি টাকা খরচ করা হয়েছে তহবিল থেকে।

মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তাদের একযোগে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার পরামর্শকে সাধুবাদ জানান আইজিপি। তিনি বলেন, এখন এমন কোনো কাজ নেই, যেখানে পুলিশ লাগে না। উন্নয়নমূলক কাজ হচ্ছে বলেই তাঁরা এখন ‘চক্ষুশূলে’ পরিণত হয়েছেন, আবার কারও নজর কেড়েছেন।

অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।